২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি মোবাইল অপারেটরদের গ্রাহকরা আগের দামেই সিম কিনতে পারবে

দেশের বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, একটেল, সিটিসেল এবং বাংলালিংক’র গ্রাহকদের সিম কেনার সময় শুল্ক হিসেবে অতিরিক্ত ১২০০ টাকা প্রদান করতে হবে না। যেহেতু এসআরও (স্ট্যাচুটরি রেগুলেশন অর্ডার) ইস্যু করার আগেই সিমগুলো ছাড়া হয়েছে তাই গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

প্রাইভেট মোবাইল অপারেটররা জানান, আরোপিত কর প্রত্যাহার না করা হলে পরবর্তী লটের সিম কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।

তবে কবে নতুন স্টকের সিম বাজারে সরবরাহ করার তারিখ এবং কবে থেকে গ্রাহককে সিমের জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হবে এ ব্যাপারে তারা কিছু বলেননি।

সোমবার নগরীর একটি হোটেলে আয়েজিত সংবাদ সম্মেলনে টেলিকম অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এটিওবি) নেতারা এ কথা বলেন। তারা সরকারের প্রতি প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় তারা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হবেন এবং জনগণও এতে সহনীয় মুল্যে সিম কেনা থেকে বঞ্চিত হবে বলে জানান।

গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক এ্যাস বলেন, আরোপিত কর গ্রাহক, অপারেটর, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং নেটওয়ার্ক সম্প্রসারণসহ সরাসরি সমস্ত টেলিযোগাযোগ খাতে প্রভাব ফেলবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলা লিংকের প্রধান নির্বাহী অফিসার লার্স রিচেল্ট, একটেলের জেনারেল ম্যানেজার নাসির বিন বাহরম এভং সিটিসেলের ভাইস চেয়ারম্যান ফয়সাল মোর্শেদ খান বক্তৃতা করেন।

নাসির বিন বাহরম বলেন, অপারেটররা চলতি বছর আরও ৫০ লাখ গ্রাহকের কাছে মোবাইল সংযোগ পৌঁছে দেওয়ার আশা করছেন। কিন্তু কর আরোপের কারণে গ্রাহক সংখ্যা ব্যাপক হারে কমে যাবে।

এসআরও’র ব্যাপারে ফয়সাল মোর্শেদ বলেন, দেশের প্রাইভেট ল্যাণ্ডফোন অপারেটরদের ওপর এ শুল্ক আরোপ করা হবে কি না তা স্পষ্ট নয়।

লার্স পি রিচেল্ট বলেন, অবিবেচক ডিস্ট্রিবিউটর এবং ডিলাররা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সিম বিক্রি করছে। ব্যাপারটি সত্যি দুঃখজনক।

তিনি আরও বলেন, আমরা আরোপিত কর প্রত্যাহারের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

জাতীয় রাজস্ব বোর্ড সিম (এসআইএম), রিম (আরআইএম) অথবা যে কোনও মাইক্রোচিপের ওপর ১২০০ টাকার শুল্ক আরোপ করে একটি স্ট্যাচুটরি রেগুলেশন অর্ডার প্রকাশ করেছে।

চলতি মাসের ৯ তারিখে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদে আগামী ২০০৫-০৬ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করার সময় এসআরও ইস্যু করেন। যা পরবর্তীতে অপারেটরদের কাছে পাঠানো হয়।

সম্মেলনে কর্মকর্তারা জানান, অপারেটররা এ বছর ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

তারা আরও বলেন, এ বছরের শুরুতে সংযোগ ফি কমে ২শ’ টাকায় দাঁড়িয়েছিল। পাশাপাশি কলচার্জ ৩৫ শতাংশ এবং হ্যাণ্ডসেটের মুল্য ৪০ শতাংশ কমে গিয়েছিল।

তবে তারা হ্যাণ্ডসেটের ওপর আমদানি শুল্ক ৩শ’ টাকা হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানান। যা অবৈধ বাজারকে নিরুৎসাহিত করবে এবং এতে গ্রাহকরা ওয়ারেন্টিসহ হ্যাণ্ডসেট কিনতে পারবে।