বাংলাদেশের তিনটি ব্যাংকের সাথে দোহা ব্যাংকের চুক্তি
ইলেকট্রনিক মানি ট্রান্সফার বিষয়ে বাংলাদেশের আইএফআইসি, অগ্রণী এবং জনতা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কাতারের দোহা ব্যাংক।
দোহা ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আর সিথারামন রোববার জানান, ব্যাংকের যে কোন শাখা, মোবাইল ইউনিট অথবা ইন্টারনেটের মাধ্যমে এই ‘ই-রেমিটেন্স’র সুবিধা গ্রহণ করা যাবে। সুবিধাটি সবার জন্যই উন্মুক্ত থাকবে।
মোট ১,১৭৭৯ টি শাখা নিয়ে পরিচালিত দোহা ব্যাংকের সাথে বাংলাদেশের তিনটি ব্যাংকের চুক্তি হওয়ায় কাতারে বসবাসরত প্রায় ৪০ হাজার বাংলাদেশী উপকৃত হবে। এই চুক্তির আওতায় রেমিটেন্স ফি ধার্য করা হয়েছে সাত রিয়েল, যা কাতারে সর্বনিম্ন।
প্রাথমিক অবস্থায় গ্রাহকদের সম্পূর্ণ বিনামুল্যে এই সেবা প্রদান করা হবে। এই পদ্ধতিতে অর্থ প্রেরণের বিষয়টি মাত্র ১০ মিনিটে সম্পন্ন হবে আর অর্থ প্রেরণকারী তাৎক্ষণিকভাবে এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে অর্থ প্রেরণের বিষয়টি নিশ্চিত হতে পারবেন।
সিথারামন জানান, বাংলাদেশী এবং অন্যান্য গ্রাহকদের সুবিধার্থে দোহা ব্যাংকের কয়েকটি শাখা শুক্র এবং শনিবারও খোলা থাকবে। এরমধ্যে মিরকাব, সউকওয়াকফ এবং শিল্প এলাকার শাখাগুলো শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে মুশেরিব, মিরকাব, দুখান, আল খোর এবং মিসাঈদ শাখা। সাধারনভাবে মিরকাব, সুক ওয়াকফ এবং শিল্প এলাকার শাখাগুলো প্রতিদিন বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত তাদের কার্যক্রম চালাবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মারুফ জামান এবং দোহা ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপক (রিটেইল) আব্দুল রহমান মোহামেদ আল-মীর উপস্থিত ছিলেন।
