দেশের উত্তরাঞ্চালে শিল্পায়নে কাজ করবে বিনিয়োগ বোর্ড
উন্নয়নে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে বিদেশী বিনিয়োগ ব্যবহার করে খনিজ সম্পদ ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে ওই অঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত করার উদ্যোগ নিচ্ছে বিনিয়োগ বোর্ড।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান বিডিনিউজকে জানান, বিদেশী বিনিয়োগকারীদের দেশের উত্তরাঞ্চলে বিনিয়োগে আগ্রহী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
মাহমুদুর রহমান বৃহস্পতিবার এশিয়া এনার্জি করপোরেশন কর্তৃক খননকৃত সর্বশেষ কুপের কাজ পরিদর্শন করে সরকারের অগ্রসরতার কথা বলেন। কয়লা উত্তোলনের জন্য গত ১০ মাস ধরে কোম্পানির খননকৃত কুপের মধ্যে সর্বশেষ কুপ থেকে তিনি কয়লার নমুনা দেখেন।
এশিয়া এনার্জি করপোরেশন ফুলবাড়িতে ১০৭ টি কুপ খনন করে উচ্চমানের ৫শ’ মিলিয়ন টনেরও অধিক কয়লার মজুদ নিশ্চিত করেছে। আগামী ২০০৭ সালে কোম্পানি পুরোপুরি কয়লা উত্তোলন কাজ শুরু করবে।
মাহমুদুর রহমান বলেন, দেশের এই অঞ্চলের সার্বিক চিত্রের একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, একদিকে এশিয়া এনার্জি ফুলবাড়িতে কয়লা উত্তোলন করছে আর টাটা সেই কয়লা দিয়ে ঈশ্বরদীতে তাদের স্টিল মিল চালু করতে যাচ্ছে।
দেশের উত্তরাঞ্চলে বড়পুকুরিয়ার পর ফুলবাড়ি হল দ্বিতীয় কয়লার খনি যেখান থেকে উচ্চমানের কয়লা উত্তোলন করা হবে।
রাষ্ট্রায়াত্ব বড়পুকুরিয়ায় কয়লাখনির তত্বাবধায়ন ও ব্যবস্থাপনার জন্য চীনা কোম্পানি সিএমসি ৮২ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তিবদ্ধ হয়। এই খনি থেকে ৪৭৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হবে।
অন্যদিকে এশিয়া এনার্জির সিইও গ্রেলি জানান, এশিয়া এনার্জি উন্মুক্ত খনন পদ্ধতির মাধ্যমে কয়লা উত্তোলন করার পরিকল্পনা গ্রহন করেছে। পুরোদমে উৎপাদনে গেলে এই খনি থেকে বছরে স্থানীয় ও রপ্তানী বাজারের জন্য ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন সম্ভব হবে।
এশিয়া এনার্জি বর্তমানে খনির সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়নের জরিপ কাজ চালাচ্ছে। কোম্পানী আশা করছে বছরের শেষের দিকে খনির কার্যক্রম অনুমোদনের জন্য সরকারের কাছে মাইনিং স্কিম পেশ করতে পারবে।
এই খনির কার্যক্রম চালুর মাধ্যমে সরকার বিপুল অংকের রাজস্ব পাবে। একই সাথে আগামী ৩০ বছরে জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিতে এক দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ যোগ হবে।
সম্ভব্যতা যাচাইয়ের অংশ হিসেবে কয়লার পরিমান ও মান নির্ণয়ে কোম্পানি বেসিনে খনন কাজ শুরু করে ২০০৪ সালে সেপ্টেম্বরে।
