কোটামুক্ত প্রথম চার মাসে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২১ কোটি ডলার
কোটামুক্ত প্রথম চার মাসে নিটওয়্যার রপ্তানি বেড়েছে ২০ কোটি ৯১ লাখ ডলার। গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের তুলনায় এ বছরের একই সময়ে নিটওয়্যার রপ্তানি ৩২ শতাংশ বৃদ্ধি পায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, কোটা পরবর্তী সময়ে (মাল্টি ফাইবার এগ্রিমেন্ট, এমএফএ) বাংলাদেশের পোষাক শিল্পে ধ্বস নামবে বলে নানা মহলের আশংকা থাকলে এখন নিটওয়্যার রপ্তানি খাতে উচ্চ প্রবৃদ্ধি রয়েছে।
এ খাতে ফেব্রুয়ারি মাসে গত বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয় ৮১ শতাংশ এবং মার্চে প্রবৃদ্ধি ছিলো ৩৯ শতাংশ। চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে নিটওয়্যার রপ্তানির অবদান মোট রপ্তানির ৩৩ শতাংশ। এই অবদান গত বছর ছিলো মাত্র ২৭ শতাংশ।
নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকিএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজকে বলেন, পুরনো বাজারের বাইরে নতুন বাজার পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
বিকিএমইএ সভাপতি জানান, সম্প্রতি নতুন বাজার প্রাপ্তির জন্য তারা চীনের কুনমিং মেলায় অংশ নিয়েছি। এর সাফল্য ইতিমধ্যে আসতে শুরু করেছে।
তিনি আরো বলেন, গত ডিসেম্বর মাসে আমরা এক সংবাদ সম্মেলনে বলেছিলাম, এমএফএ পরবর্তীতে নিটের বিকাশের ব্যাপারে আমরা আশাবাদী।
সেন্টার ফর পলিসি ডয়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, নীট খাতে কোটা পরবর্তী সময়ের আগের ছয় মাসের তুলনায় যে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বরং নিট খাতে ভ্যালু এডিশন বেশি থাকায় রপ্তানি বাড়ার সম্ভবনাই বেশি।
তিনি বলেন, কিছু ক্যাটাগরিতে ইইউ’র বাজারে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগীতা হচ্ছে। গড় মূল্য হ্রাস বাংলাদেশের জন্য একটা সমস্যা। তবে টি শার্ট রপ্তানিতে আগামীতে ইইউ’র বাজারে চীন থেকে বাংলাদেশ আরো বেশী সুবিধা পাওয়ার সম্ভবনা রয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, এ সময়ে নিট খাতের টি শার্ট ও অন্যান্য নিট পণ্যের উচ্চ প্রবৃদ্ধির কারণে গত বছরের ২৯ শতাংশ প্রবৃদ্ধি থেকেও বেশি। তবে এমএফএ’র পর সোয়েটার রপ্তানি হ্রাস পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় পরের চার মাসে নিট রপ্তানি প্রায় ছয় শতাংশ হ্রাস পায়। তবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৬০ শতাংশ।
কোটা পূর্ববর্তীতে সোয়েটার রপ্তানি বড় ধরনের বৃদ্ধি পেলেও গত বছরের তুলনায় এ অর্থবছরে জানুয়ারি থেকে এপ্রিল মাসে রপ্তানি হ্রাস পায়। তবে সোয়েটার রপ্তানির ধারার বিপরীত ঘটনা ঘটেছে টি শার্ট ও ও অন্যান্য নিট পণ্যের ক্ষেত্রে।
কোটামুক্ত সময়ে টি শার্ট রপ্তানি গড় প্রবৃদ্ধির চেয়েও অধিক হারে বেড়েছে। এ খাতে ইতিমধ্যে ইইউ’র ও আমেরিকার বাজারে চীনা রপ্তানিতে প্রতিবন্ধকতা আরোপের সিদ্ধান্ত নেওয়ায় ভবিষ্যতে এ খাতের প্রবৃদ্ধি আরো বেড়ে যাবে। আন্তজার্তিক বাজারে চীনের পরে বাংলাদেশই সবচেয়ে সস্তায় টি শার্ট উৎপাদন করতে পারে। গত অর্থবছরে টি শার্ট রপ্তানির প্রবৃদ্ধি ছিলো ৬৫ শতাংশ।
এমএফএ পরবর্তীতে অন্যান্য নিট পণ্যের রপ্তানি প্রতি মাসে ক্রমান্বয়ে বাড়ছে। ফলে অন্যান্য নিট পণ্যের রপ্তানি গত অর্থ বছরে প্রবৃদ্ধি আট দশমিক ৫০ শতাংশ থেকেও এ সময়ে বেড়েছে। গত বছর সোয়েটার রপ্তানি প্রবৃদ্ধি ছিলো ছয় দশমিক পাঁচ শতাংশ।
এমএফএ পরবর্তী নিটওয়্যার রপ্তানি
২০০৪ সাল ২০০৫ সাল প্রবৃদ্ধি
জানুয়ারি ১৯২দশমিক৭৭ ২২১দশমিক ৭৪ ১৫ দশমিক ০৩
ফেব্রুয়ারি ১০৮ দশমিক ৩২ ১৯৬ দশমিক ০৬ ৮১
মার্চ ১৬৬ দশমিক ৯৯ ২৩১ দশমিক ৪১ ৩৮ দশমিক ৫৮
এপ্রিল ১৮৪ দশমিক ০২ ২১২ দশমিক ০২ ১৫ দশমিক ২১
জানুয়ারি-এপ্রিল ৬৫২ দশমিক ১ ৮৬১ দশমিক ২৩ ৩২ দশমিক ০৭
জুলাই-ডিসেম্বর ১০১৭ ১৪০২ ৩৭ দশমিক ৮৬
মোট রপ্তানি ১৬৬৯ দশমিক ১০ ২২৬৩দশমিক ২৩ ৩৫দশমিক ৬০
