২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূলধন ও পৃষ্ঠপোষকতার অভাবে উত্তরাঞ্চলের ২ হাজার ক্ষুদ্র ও কুটির শিল্প বন্ধ

দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার বিত্তবানদের নিজ প্রচেষ্টায় গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষিপণ্যভিত্তিক শিল্প-কারখানাগুলোর বড় কারখানা হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় মূলধন, সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারের সুষ্ঠু পৃষ্ঠপোষকতার অভাবে এ অঞ্চলের প্রায় এক হাজার নয়শ কুটির শিল্প ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 02:59 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অন্যদিকে, ভারতীয় পণ্যের সাথে প্রতিযোগিতা, পুঁজির অভাব, বিদ্যুৎ বিভ্রাট, হরতাল, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন সমস্যার কারণে আরও সহস্রাধিক শিল্প প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য হারে উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে যেকোন সময়ে এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে পূর্বের বন্ধ হয়ে যাওয়া দুই সহস্রাধিক শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পথে বসার রেশ না কাটতেই আবারও সহস্রাধিক শ্রমিক বেকার হওয়ার আশংকায় ভূগছে।

লালমনিরহাট বিসিকের একটি সূত্র জানায়, গত দুই বছরে বন্ধ হয়ে যাওয়া দুই সহস্রাধিক কুটির শিল্পের লাখ লাখ শ্রমিকের কিছু সংখ্যক শহরের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান বেছে নিলেও হাজার হাজার শ্রমিক কাজ না থাকায় হতাশায় দিন কাটাচ্ছে। কেউ বা কোন উপায় না পেয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে।

এজন্য সরকারের একমূখী নীতিকে দায়ি করা হচ্ছে।

বিসিকের অপর একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গঠন করা হচ্ছে। বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য ব্যাংক হতে কোটি কোটি টাকা ঋণ প্রদান করা হচ্ছে। কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যা পর্যালোচনা করে দেখা হচ্ছে না। ফলে গত দুই বছরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) রাজশাহী জেলা শাখার সদস্য-প্রায় এক হাজার নয়শ‘টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ফলে এর সাথে জড়িত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ে। বন্ধ হওয়া শিল্প প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হল বৈদ্যুতিক পাখার কারখানা, তালাচাবির কারখানা, তাঁত শিল্প, পোষাক নির্মাণ কারখানা, মিল্ক কারখানা, ঔষধ তৈরির কারখানা, স্বয়ংক্রিয় ধানের মিল, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছাপাখানা ইত্যাদি।

এরমধ্যে বিসিক পরিচালিত শিল্প কারখানা রয়েছে প্রায় তিনশ’টি। বিগত সময়ে রুগ্ন শিল্প হিসেবে প্রায় দুইশ’টি শিল্প প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। কিন্তু এসব শিল্প প্রতিষ্ঠান এখনও পর্যন্ত সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সম্পূর্ণভাবে পাচ্ছে না। ফলে পুরনো শিল্প প্রতিষ্ঠান যেমন পুনরায় চালু হতে পারছে না, তেমনি নতুন শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে না।

জানা যায়, সীমান্তবর্তী উত্তরাঞ্চলে একদিকে যেমন ব্যাপকভাবে চোরাই পথে দেশের জিনিস বাইরে চলে যায়, অন্যদিকে তেমনি বিদেশী পণ্যে দেশের বাজার পূর্ণ থাকে। এতে দেশে উৎপাদিত পণ্য প্রতিযোগিআয় টিকে থাকতে পারছে না।

এদিকে ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলা অনেক শিল্প কারখানা একারণে নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুতের পিক আওয়ারে লোড শেডিং এ অঞ্চলে কুটির শিল্পের জন্য প্রধান সমস্যা। একটি শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হলে দিনে কমপক্ষে ১৮ ঘন্টা চালাতে হবে, অন্যথায় সেই প্রতিষ্ঠানকে লোকসানের বোঝা মাথায় নিতে হবে। সেখানে লোড শেডিং-এর কারণে শিল্প কারখানা দেড় থেকে দুই গুন চার্জ দিয়ে চালাতে হলে উৎপাদন খরচও দ্বিগুন বেড়ে যায়। ফলে এ সুযোগে ভারতীয় পণ্য বাজার দখল করে নেওয়ার কারণে এদেশের ক্ষুদ্র শিল্প কারখানাগুলো এগুতে পারছে না।

লালমনিরহাটের মহেন্দ্রনগরে অবস্থিত নর্দান ট্যানারীর মালিক নুরুল হক চৌধুরী বিডিনিউজকে জানান, উত্তরাঞ্চলে শিল্প স্থাপনে ব্যাংক ও অর্থ লগ্নিকারী সংস্থাগুলোর কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়া যায় না। ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকরা এসব প্রতিষ্ঠানের কাছে অনেক ধর্না দিয়েও ঋণ পায় না। অনেকে নিজস্ব পুঁজিতে ক্ষুদ্র শিল্প স্থাপন করে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যাংকে যোগাযোগ করেও ঋণ পাচ্ছে না বলে জানান।