ঢাকার বাজারে মাছ, মাংস ও সব্জির দাম বাড়ছেই, নিম্নবিত্তের নাভিশ্বাস
ঢাকার বাজারে বেড়েছে মাংস, মাছ, মুরগী, চিনি, ডাল, তেল, আলু ও তরিতরকারির দাম। কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেড়স, পটল, গাঁজর ও শাক-সব্জির দাম বেড়েছে। তবে ইলিশের পর্যাপ্ত সরবরাহের কারণে দাম বেশ সহনশীল পর্যায়ে রয়েছে।
বাজারে এখন নতুন চালের প্রভাব পড়তে শুরু করেছে। নতুন চালের প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজিপ্রতি ৫০ পয়সা থেকে এক টাকা দাম কমেছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।
মিরপুর ৬ নম্বর সেকশন, কাজীপাড়া, ইব্রাহিমপুর, সেনপাড়া ও মোহাম্মদপুর কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় চালের খুচরা দাম কমেছে প্রায় ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত।
বাজারে নাজির শাল, স্বর্ণা ও লতা, মিনিকেট, পাইজাম, বিআর-২৮, পারিজাত এবং ইরিসহ অন্যান্য চালের দাম কমতির দিকে। চাল ব্যবসায়ীদের মতে, চালের আমদানি খরচ বেশি হলেও পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার দর কিছুটা কমে গেছে।
খুচরা বাজারে গত সপ্তাহের মতোই প্রতি কেজি স্বর্ণা ও লতা চাল ২৪, নাজিরশাল ২২ থেকে নেমে ২১, মিনিকেট ২২ থেকে ২৩, পাইজাম ১৯, বিআর-২৮ ও পারিজাত ১৮ এবং ইরি ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে গরুর মাংস দাম ১১০ থেকে ১২০ টাকা এবং খাসির মাংস ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশী ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে আরও এক দফায়। বেশ কিছুদিন দাম স্থিতিশীল থাকার পর এ সপ্তাহে হঠাৎ করেই মুরগীর দাম বেড়ে যায়। প্রতি কেজি সাদা ব্রয়লার মুরগি ৭০ থেকে ৭৫ টাকা, লাল ব্রয়লার মুরগি ৮০ থেকে ৮৫ টাকা ও দেশী মুরগি ১৩০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পর্যাপ্ত আমদানির কারণে বাজারে ইলিশের দাম এখন স্থিতিশীল। তবে রুই, কাতলা, পাঙ্গাস, কালাবাউস, চিংড়ি ও মাগুর মাছের দাম আগের সপ্তাহের দামের চেয়ে আরও ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীদের মতে, মাছের মওসুম শুরু হওয়ার আগে মাছের দাম কমার আর কোনো সম্ভাবনাই নেই। বাজারে ইলিশ ছাড়া অন্য মাছের সংকট রয়েছে বলে তাদের ক্রেতাদের চাহিদা মেটাতে বাড়তি দামে এসব মাছ সরবরাহ করতে হচ্ছে।
বাজারে রুই ৯০ থেকে ১৪০, কাতলা ৭৫ থেকে ৯৫, পাঙ্গাস ১১০, কালাবাউস ১৪০ টাকা, চিংড়ি ১১০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০ টাকা, শিং ৩০০ টাকা, মাগুর ২৮০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
এছাড়া ছোট মাছের দাম বেশ চড়া। ছোট মাছের কেজিপ্রতি প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন আয়ের ক্রেতাদের মাছের বাজারে বেশ ধাক্কা খেতে হয়েছে। ছোট মাছের কেজি ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
আলু আট, গাজর ২৪, টমেটো ৩০, ক্ষীরার ১২ থেকে ১৪, বেগুন ২০ থেকে ২৪, ঢেড়স ও করলা ১৬ এবং শশা এবং উস্তে ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। সিম ও বরবটি ১৪, মিষ্টি কুমড়া ১৬, লাউ ২০, পটল ১৬, কচুর লতা ১৪ এবং ঝিংগে ও চিচিঙ্গা ১৪ টাকায় বিক্রি হয়।
বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন রসুন ১৮, পুরনো ও শুকনো রসুন ৩৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৪ থেকে ৫৬ টাকা কেজিতে, চিনি ৩৬ টাকায় এবং ডাল ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
