২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর সংগ্রহে বড় ধরনের ঘাটতির সম্ভাবনা

চলতি অর্থবছরে সরকার আয়কর রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রার চেয়ে এখনও ৪০ শতাংশ পিছিয়ে আছে। আর এই বিশাল ঘাটতি পূরণে সরকারের হাতে আছে মাত্র দুমাস সময়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 06:28 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, আয়কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ গড় অর্জিত রাজস্ব থেকে ১২ শতাংশ পিছিয়ে আছে এবং একই সময়ে সার্বিক রাজস্বের প্রায় ৭২ শতাংশ আদায় হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজস্ব বিভাগের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, বিষয়টি নিশ্চিতভাবেই অর্থমন্ত্রীকে হতাশ করবে। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, আয়কর থেকে উল্লেখযোগ্য আয়ের মাধ্যমে শুল্ক করের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে মোট ২৩,০৪৭ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। যা বাৎসরিক লক্ষ্যের প্রায় ৭২ ভাগ।

রাজস্ব বোর্ডের মতে, চলতি অর্থবছরের আয়কর সংগ্রহের লক্ষ্য ছিলো ৬,২৭৭ কোটি টাকা। আর প্রথম দশ মাসে আয়কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ ৩,৭৬৫ কোটি টাকা যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৬০ শতাংশ। অন্যদিকে, সরকারের হাতে সময় আছে মাত্র দুই মাস।

গত অর্থবছর আয়কর রাজস্ব সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫,৩৬৫ কোটি টাকার বিপরীতে মোট আয়কর রাজস্ব সংগ্রহিত হয়েছিল ৫,২৭০ কোটি টাকা। যা ছিল নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৯৫ কোটি টাকা কম।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, চলতি অর্থবছরের অবশিষ্ট দুই মাসে নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য অবশিষ্ট ২ হাজার ৫১২ কোটি টাকা সংগ্রহের বিষয়টি রাজস্ব বিভাগের জন্য অত্যন্ত কঠিন হবে। কারণ হিসেবে তারা লোকজনের রাজস্ব প্রদানে অনীহা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছেন।

২০০৪-০৫ অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ি আয়কর থেকে রাজস্ব বোর্ড ১৯ দশমিক ৫ শতাংশ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেল। কিন্তু জুলাই-এপ্রিল মাস পর্যন্ত আয়কর খাত থেকে মাত্র ১৬ শতাংশ রাজস্ব সংগৃহিত হয়েছে।

গত চার বছরে আয়কর থেকে রাজস্ব আয় দ্বিগুন হয়ে গেছে। ১৯৯৯-২০০০-এর পরিমাণ ছিল ২ হাজার ৭১৯ কোটি টাকা। অন্যদিকে ২০০৩-০৪ এ এর পরিমাণ দাঁড়ায় ৫,২৭০ কোটি টাকায়। ২০০৪-০৫ অর্থবছরে আয়কর থেকে রাজস্ব আয় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,২৭৭ কোটি টাকা, যা গত বছরের বাজেটের চেয়ে ১৯ শতাংশ বেশি।

স্থানীয় পরামর্শক দলের পক্ষে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টিন ওয়ালিক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে সাম্প্রতিক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশে জিডিপিতে করের অবদান ১০ থেকে ১১ শতাংশ। যা বিশ্বের অন্যতম সর্বনিু। পাকিস্তানে অবদান ১৮ শতাংশ, শ্রীলংকায় ১৯ শতাংশ এবং ভারতে ২০ শতাংশ।