২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী পশ্চিমবঙ্গ সরকার

বাংলাদেশ থেকে সরাসরি ইলিশ আমদানিতে আগ্রহ দেখিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাবাসীর রসনার কথা মাথায় রেখেই কোনও বেসরকারি সংস্থা নয়, একেবারে সরাসরি বাংলাদেশ সরকারের মাধ্যমেই ইলিশ কিনতে চাচ্ছেন রাজ্যের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। জুন মাসেই ৩০০ টন ইলিশ কেনার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

সম্প্রতি ভারতের কাস্টমস বেসরকারি ব্যবসায়ীদের মাধ্যমে আনা বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রেক্ষাপটে রাজ্যের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ রাজ্য সরকারের নতুন মনোভাবের কথা জানান।

তিনি বিডিনিউজকে জানিয়েছেন, বাংলাদেশ সরকার, দূতাবাস বা বাংলাদেশের মৎস্য অধিদপ্তর থেকে যোগাযোগ করা হলে তিনি সরকারিভাবে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির ব্যবস্থা করবেন।

ভারত সরকারের প্রশাসনিক স্বচ্ছতার নামে অহেতুক বাজারের বেসরকারিকরণের কারণে প্রথমে টানা তিন বছর বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেও গত পাঁচ বছর ধরে তা বাধ্য হযে বন্ধ করতে হয়েছে বলে দাবি করেন মৎস্যমন্ত্রী কিরণময়।