গোপালগঞ্জে পোনা সঙ্কটের কারণে ব্যাহত হচ্ছে চিংড়ি চাষ
গোপালগঞ্জে গলদা চিংড়ি পোনার দুষ্প্রাপ্যতার কারণে চিংড়ি চাষ ব্যাহত হচ্ছে। পোনা সঙ্কটের কারণে এ বছর চিংড়ি চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চিংড়ি চাষ ব্যাহত হলে জেলার প্রায় ২০ হাজার ঘের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেই সাথে এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ৫০ হাজার শ্রমিকের বেকার হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি মৌসুমে জেলায় তিন হাজারেরও বেশি চিংড়ি ঘের প্রস্তুত করা হয়েছে। এই ঘেরগুলোতে প্রায় এক কোটি পরিমাণ পোনার চাহিদা রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী পোনা পাওয়া যাচ্ছে না।
পোনা ব্যবসায়ীরা জানান, অবাধে পোনা শিকার, পোনা প্রজনন ক্ষেত্র বিনষ্ট করা ও অব্যাহত পোনা ধ্বংসের কারণে পোনা সঙ্কট তৈরি হয়েছে।
এবার বাজারে যে অল্প-বিস্তর পোনা পাওয়া যাচ্ছে সেসব পোনার প্রতিটির দাম পড়ছে তিন টাকা করে, যা অন্যান্য বছরের তুলনায় প্রায় তিন গুন বেশি। পোনা সঙ্কটের কারণে অধিকাংশ চিংড়ি চাষী ঘের তৈরি করেও হাত গুটিয়ে বসে আছেন।
গত বছর জেলায় ১৫ কোটি টাকা মূল্যের চিংড়ি উৎপাদিত হয়। আর ওই বছর চাষীরা সাত কোটি টাকা মুনাফা অর্জন করেন।
এ বছর ধানের বাম্পার ফলনের কারণে অনেক চাষীই বেশ জোরেসোরে চিংড়ি চাষের উদ্যোগ নেন। কিন্তু পোনা সঙ্কটের কারণে ভেস্তে যেতে বসেছে তাদের পরিকল্পনা।
জেলা মৎস্য অফিস পোনা সঙ্কটের কথা স্বীকার করে জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
