২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মন্ত্রণালয়কে বাজেট প্রণয়নের ক্ষমতা প্রদানকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা

সরকার চারটি মন্ত্রণালয়কে তাদের অভ্যন্তরীণ বাজেট প্রণয়ন ও তা ব্যবহার করার ক্ষমতা প্রদানের যে উদ্যোগ নিয়েছে অর্থনীতিবিদরা তাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে দুর্বল মনিটরিং এর কারণে এর অপব্যবহার হতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মন্ত্রণালয়গুলোর ওপর অর্পিত দায়িত্ব তারা যাতে যথাযথভাবে পালন করতে পারে সেজন্য অর্থনীতিবিদরা তাদের সীমাবদ্ধতা দূর করা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ডঃ আতিউর রহমান বিডিনিউজকে বলেন, এটা ভালো উদ্যোগ। তবে তিনি বলেন, এসব মন্ত্রণালয়ের বাজেট প্রণয়ন করার ক্ষমতা থাকতে হবে। অন্যথায় বরাদ্ধকৃত অর্থের অপব্যবহার বন্ধ করা যাবে না।

ড. খলিকুজ্জামান বলেন, এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণে সাহায্য করবে। তবে কার্যকর মনিটরিং ছাড়া এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যাবে না।

এর আগে সরকার দারিদ্র্য বিমোচন কৌশলপত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য শিক্ষা, কৃষি, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্ধ দেয়।

এই চার মন্ত্রণালয়কে আগমী তিন অর্থবছরের জন্য মোট ২৯,৪৭১ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়। লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজস্ব বাজেট প্রণয়নের উদ্দেশ্যে তাদের এই বরাদ্ধ দেওয়া হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র গবেষক সাঈদ আহমেদ বলেন, নতুন এই বাজেট কাঠামো বিভিন্ন ক্ষেত্রের লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করবে।

তবে তিনি বলেন, কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেও ওই মন্ত্রণালয়গুলোর দুর্নীতি রোধ করা যাবে না।

বাংলাদেশ ইকনোমিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড. খলিকুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে ওই মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখতে হবে।

ড. আতিউর রহমান বলেন, এজন্য পুরাতন কর্মকর্তা কর্মচারীর বদলে নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে।

দাতাদের পরামর্শে ব্যয় কমাতে, দুর্নীতি দূর করতে এবং এসকল মন্ত্রণালয়কে তাদের প্রকল্পসমূহ সঠিকভাবে বাস্তবায়নে সহায্য করার জন্য দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে নতুন এ ব্যবস্থা অন্তর্ভূক্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৬- ২০০৭ অর্থবছরে আরও অনেক মন্ত্রণালয়কে এরকম বাজেট বরাদ্ধ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।