রপ্তানিকারকরা বন্ডেড ওয়ারহাউস ও কোটা সুবিধার অপব্যবহার করছে: অর্থমন্ত্রীর অভিযোগ
তৈরি পোশাক রপ্তানিকারকদের একাংশ বন্ডেড ওয়ারহাউস ও কোটা সুবিধার অপব্যবহার করছে বলে অভিযোগ এনেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত বোর্ডের পরামর্শক কমিটির বাজেটপূর্ব এক আলোচনা সভার বক্তৃতায় বুধবার মন্ত্রী এ অভিযোগ করেন।
তিনি বলেন, রপ্তানিকারকরা অবৈধভাবে আমদানিকৃত পণ্য বিক্রি করে আমাদের দেশীয় পণ্যকে ক্ষতিগ্রস্থ করছে।
গার্মেন্টস পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, কোটার আওতায় তারা গার্মেন্টস পণ্য বিক্রি করে প্রচুর টাকা বানিয়েছে। কিন্তু সেই টাকা পশ্চাৎপদ শিল্পের উন্নয়নে বিনিয়োগ না করে তারা আবার এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড’র দেয়া অনুদান বা ঋণ নেয়ার আবেদন করে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন চেম্বারের সভাপতি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ আবু হোসেন ও আনোয়ারুল কবির তালুকদার, অর্থ সচিব জাকির আহমেদ খান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাইফুর রহমান বলেন, রপ্তানিকারকরা যদি পশ্চাৎ সংযোগ শিল্প প্রতিষ্ঠায় তাদের টাকা বিনিয়োগ করে তাহলে কোটা বাতিল পরবর্তী সময়ে চীন ও ভারত বাংলাদেশের জন্য হুমকি হয়ে দেখা দেবে না।
আলোচনায় অংশ নেয়া এক ব্যবসায়ীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের কখনোই কালো টাকা মেনে নেয়া উচিত হবে না। কালো টাকা বৈধ করার পন্থা মেনে নিলে মানি লন্ডারিং আইন লঙ্ঘন করা হবে এবং তা হবে নৈতিক অবক্ষয়ের সামিল।
কর কর্মকর্তাদের হয়রানি ও রাজস্ব বোর্ডের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও মন্ত্রী কর আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্মকতাদের সহযোগিতা করে না বলে অভিযোগ করেন।
তবে কর আদায় প্রক্রিয়া সহজতর করা এবং কর্মকর্তাদের হয়রানি বন্ধ করার জন্য ব্যবসায়ীরা নতুন করে কর নীতমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
