২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে টেলিফোন ব্যবহারকারী ৩.৯১% ল্যান্ডফোন ব্যাবহারকারী ০.৭১৬%

দেশে দ্রুত হারে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতি ১০০ জনে ৩ দশমিক ৯১ জন টেলিফোন ব্যবহার করছে। এর মধ্যে ল্যান্ডফোন ব্যবহারকারীর হার দশমিক ৭১৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

২০০৪ সালের মার্চ পর্যন্ত দেশে হাজারে মাত্র সাত জন লোক মোবাইল ব্যবহার করত। বর্তমানে হাজারে ৩৩ জন মোবাইল ফোন ব্যবহার করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে ২০০৫ সালের ফেব্রুয়ারির এক হিসবে দেখা গেছে, সেখানে নয় শতাংশ লোক মোবাইল ব্যবহার করে।

বিটিটিবি’র একটি সূত্র বুধবার বিডিনিউজকে জানায়, সারাদেশে বিটিটিবি’র মোট ৮ লাখ ৬৫ হাজার ৫৯৯ টি টিএন্ডটি ল্যান্ড ফোন সংযোগ রয়েছে। সারাদেশে আরও ১ লাখ ৭২ হাজার ২৩২টি বিটিটিবি’র ল্যান্ড ফোন সংযোগের চাহিদা রয়েছে। মোট সংযোগের মধ্যে ডিজিটাল টেলিফোন সংযোগ রয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৬৫১ টি।

বিটিটিবি সূত্র জানায়, দেশে সেলুলার ফোন ব্যবহারকারীর হার ৩ দশমিক ২৯ শতাংশ। একাধিক মোবাইল ব্যবহারকারীরা এ হিসেবে অন্তর্ভূক্ত নয়।

এছাড়া, মোবাইল গ্রাহকরা বাড়তি সুযোগ-সুবিধার কারণে একের পর এক সিম বদল করছে।

দেশে টিএন্ডটি’র ল্যান্ড ফোন ক্যাপাসিটি হচ্ছে ১ কোটি ৩ হাজার ২৫১ টি। সব মিলিয়ে দেশে ডিজিটাল টেলিফোন ক্যাপাসিটি ৯ লাখ ৫৭ হাজার ৭৫৪টি এবং ১৭ হাজার ৭০০ অ্যানালগ ও ৩০ হাজার ৯৫৩টি ম্যানুয়াল।

সূত্র আরও জানায়, দেশে এনডব্লিউডি সার্কিট ক্যাপাসিটি আছে ৬৪ হাজার ৪১২টি, এর মধ্যে কাজ করছে ৪২ হাজার ৯৬৫টি এনডব্লিউডি সার্কিট। দেশে ওভারসিস টেলিফোন ক্যাপাসিটি ১৪ হাজার ১৭১টি এবং ইন্টারনেট গ্রাহক আছে ১৬ হাজার ৭৯৪ জন।

ফেব্রুয়ারি ২০০৫ এর এক জরিপে দেখা গেছে, সর্বমোট ৪৬ লাখ ১০ হাজার বেসরকারি মোবাইল ফোনের মধ্যে গ্রামীণেফোনের ২৯ লাখ ১৬ হাজার, একটেলের ১২ লাখ ২০ হাজার, বাংলালিংকের ১ লাখ ৩৪ হাজার ৭৮৪ এবং সিটিসেলের ৩ লাখ ৪০ হাজার সংযোগ রয়েছে।

অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানায় টেলিটক মাত্র ১৩ হাজার গ্রাহক নিয়ে ২০০৫ সালের এপ্রিল থেকে যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) পঞ্চাশটি বেসরকারি কোম্পানিকে পিএসটিন অপারেশন লাইসেন্স প্রদান করেছে। এদের মধ্যে পাঁচটি কোম্পানি তাদের তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে।

বিটিটিবি’র এক কর্মকর্তা জানান, ২০০৩-২০০৪ অর্থবছরে বিটিটিবি’র রাজস্ব আয় ছিল ১৫ হাজার ৩১১ দশমিক ৪৭ মিলিয়ন টাকা। বিটিটিবি ৪০ শতাংশেরও বেশি অতিরিক্ত রাজস্ব আয় করতে পেরেছে, যা সরকারি তহবিলে জমা হয়েছে।