২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সুবিধা উঠে যাওয়ার কোন প্রভাব পড়েনি দেশের তৈরিপোশাক শিল্পে: বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলা হয়, কোটা সুবিধা উঠে যাওয়ার তিন মাস অতিক্রান্ত হলেও তৈরিপোশাক রপ্তানিতে এর কোনও প্রভাব পড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বাণিজ্য সচিব একটি এসেসমেন্ট রিপোর্ট উল্লেখ করে সাংবাদিকদের বলেন, এই সময়ে নীট ও সোয়েটারের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় গোটা তৈরিপোশাক খাতে প্রাণসঞ্চার হয়েছে।

দাতা গোষ্ঠীসহ বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, মাল্টি ফাইবার চুক্তির তিনমাস পর এটাই সঠিক চিত্র নয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উন্নয়ন সহযোগী, তৈরিপোশাক রপ্তানিকারক এবং প্রস্তুতকারকরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান বলেন, গত তিন মাসে কোটা সুবিধা উঠে যাওয়ার কারনে চাকুরি গেছে এমন কোন গার্মেন্টস শ্রমিক তাদের কাছে আর্থিক সাহায্যের জন্য আসেনি। এ কারণে অর্থ মন্ত্রণালয় কোটা সুবিধা পরবর্তী সময়ের পুর্নবাসন পরিস্থিতি মোকাবেলার জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল তা বাণিজ্য মন্ত্রণালয় ফেরত দিয়ে দিয়েছে।

বৈঠকে আরও জানা হয়, তৈরিপোশাক শিল্পে বৈচিত্র্য আনয়নের উদ্দেশ্যে সরকার ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত তহবিলের পরিমান বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।