২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পোষাক রফতানির সুযোগ লাভের জন্য বাংলাদেশ ও নেপালের রফতানিকারকরা একযোগে কাজ করবে

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ১৪টি স্বল্পোন্নত দেশের পোষাক শিল্প-উদোক্তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী মে মাসে ঢাকায় মন্ত্রীপর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে ওইসব দেশের হয়ে বাংলাদেশ ও নেপাল তৎপরতা চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

যুক্তরাষ্ট্রে এ মর্মে কোনও বিল পাশ করানো যায় কি না তারই প্রচেষ্টা হিসেবে এ তৎপরতা চলছে। যদি বিলটি পাশ হয় তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোষাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে।

নেপাল গার্মেন্টস এসোসিয়েশনের সভাপতি কিরন শাখা বিডিনিউজকে জানান, আগামী ৯-১১ মে স্বল্পোন্নত দেশগুলোর এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞ দল আলোচনার মূল বিষয়বস্তু চূড়ান্ত করবে। তিনি বলেন, “সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো পোষাক রফতানি খাতে যাতে লাভবান হতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র সরকারকে নতুন আইন প্রণয়নে সম্মত করা।”

হাউস অব রিপ্রেজেনটেটিভ এবং সিনেটের ফাইনান্স কমিটির ওয়েজ এন্ড মিনস কমিটিতে  ‘ট্রেড অ্যাক্ট ২০০৫’ শীর্ষক বিলটি জানুয়ারিতে বিবেচনার জন্য পাঠানো হয়। সিনেট বিলটি নিয়ে এখনও আলোচনা অব্যাহত রাখলেও ওয়েজ এন্ড মিনস কমিটি পরবর্তী পরামর্শের জন্য গত ৩ মার্চ বিলটি ট্রেড কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে।  

বিলটি পাশ হলে বাংলাদেশ, কম্বোডিয়া, নেপাল, লাওস এবং মালদ্বীপ থেকে শতকরা ৩০ ভাগ কম মূল্যে  তৈরি পোষাক যুক্তরাষ্ট্রে রফতানি করা সম্ভব হবে। দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে পোষাক দ্রব্য রফতানীকারক হিসেবে বাংলাদেশের অবস্থান শীর্ষ্,ে দ্বিতীয় কম্বোডিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

শুল্কমুক্ত প্রবেশাধিকার-বঞ্চিত অন্যান্য দেশ হচ্ছে পূর্ব তিমুর, ভানুয়াতু, আফগানিস্তান, সলোমন দ্বীপপুঞ্জ, ইয়েমেন, কিরিবাতি, সামোয়া, ভূটান এবং তুভালো।

ঢাকা বৈঠকের পর সংশ্লিষ্ট দেশগুলোর সরকার রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যানেলে নতুন বিল পাসের জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখলে সুফল পাওয়া যাবে বলে উদ্যেক্তারা আশা করছেন।