ফরম বিতরণে টেলিটক অনলাইন ও পোস্টাল সার্ভিস চালু করবে
বিটিটিবি’র কর্মচারিদের অসহযোগিতা সত্ত্বেও বেসিক ব্যাংকের চারটি শাখা ও টেলিটকের কর্মচারিরা মঙ্গলবার মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করেছে।
বিটিটিবি মোবাইল প্রকল্পের সূত্রগুলো জানায়, মঙ্গলবার পর্যন্ত প্রায় চার হাজার সিম কার্ড বিতরণ করা হয়।
জনসাধারণের ভোগান্তির কথা মাথায় রেখে ৭-১৫ দিনের মধ্যে ফরম বিতরণের জন্য টেলিটক কর্তৃপক্ষ ব্যাংকের বুথ বাড়ানোর পাশাপাশি অনলাইন ও ডাক ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
টেলিটকের কর্মকর্তারা জানান, ফরম বিতরণের ক্ষেত্রে এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে না যা টিএন্ডটি’র স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে ।
বিটিটিবি মোবাইল ফোনের প্রকল্প পরিচালক এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে বলেন অনলাইন সার্ভিসের মাধ্যমে ফরম বিতরণের জন্য সফটওয়ার তৈরি করা হচ্ছে। কিন্তু গ্রাহকরা অনলাইনেই আবেদন দাখিল করতে পারবে কিনা সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।
খুব শিগগিরই কর্তৃপক্ষ অনলাইনে ফরম বিতরণ সংক্রান্ত তথ্য সম্পর্কে অবহিত করবে।
