২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরিয়ার ফেব্রিকস থেকে তৈরিপোশাক সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন বিজিএমইএ নেতৃবৃন্দ

বিজিএমইএ’র নেতৃবৃন্দ মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে স্পেকট্রাম সোয়েটার গার্মেন্টসের নিকটবর্তী শাহরিয়ার ফেব্রিকস থেকে তৈরিকৃত পোশাকগুলো সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

আইন প্রয়োগকারী সংস্থাসমূহ পুরো এলাকা ঘিরে রাখায় ফ্যাক্টরি থেকে কোনও কিছুই বের করে আনা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার বিজেএমইএ সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে এক বৈঠকে তৈরিপোশাক শিল্পের নেতৃবৃন্দ এ অনুরোধ জানান।

নেতৃবৃন্দ বলেন, কারখানাটিতে প্রায় তিন কোটি টাকার তৈরিপোশাক ¯তূপ হয়ে আছে। 

বিজিএমইএ তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে।

শাহরিয়ার ফেব্রিকস ও স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের মালিক শাহরিয়ার সাঈদ হোসেন। সরকার তার ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় করে রেখেছে।

বিজেএমইএ নেতৃবৃন্দ বলেছেন যদি তদন্তে গার্মেন্টসের মালিককে দোষী করা হয় তাতে তাদের বলার কিছু থাকবে না। তবে এই মূহুর্তে মাল আটকে রাখার কোন কারণ নেই বলে তারা উল্লেখ করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেতৃবৃন্দকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেন। বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সাভার দুর্ঘটনার পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত দলের প্রধান আলী আজম খান বিডিনিউজকে বলেন, তারা বুধবার থেকে বিধ্বস্ত ভবনের রড ও কংক্রিট পরীক্ষা করা শুরু করবেন। এছাড়া তদন্ত দলটি ওই ফ্যাক্টরির নিচের মাটিও পরীক্ষা করে দেখবে।

এছাড়া ১৫ সদস্যবিশিষ্ট বিজেএমইএ’র একটি প্রতিনিধি দল বৃহষ্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করবে। এ সময় তাদের সাথে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে আজিম বলেন, “আমরা এ পর্যন্ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের সাক্ষাতকার নিয়েছি।”