ট্রান্স মায়ানমার পাইপ লাইন: বাংলাদেশের কৌশল নির্ধারণে আগামী সপ্তাহে বৈঠক
ট্রান্স মায়ানমার পাইপ লাইন নির্মাণের জন্য দেয়া ঢাকার শর্ত বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের কৌশল নির্ধারণে আগামী সপ্তাহে চার মন্ত্রণালয়ের যৌথ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শর্তগুলো হলো নেপাল-ভূটানের সাথে বিদ্যুৎ সঞ্চালন ও যানবাহন চলাচলের জন্য ভারতীয় করিডোর সুবিধা এবং নয়া দিল্লীর সঙ্গে ঢাকার বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা।
ভারত শর্ত পূরণের জন্য বাংলাদেশকে সুর্নির্দিষ্ট প্রস্তাব দেয়ার অনুরোধ করেছে।
কৌশল নির্ধারণী বৈঠকটিতে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।
চলতি মাসের মধ্যেই শর্ত পূরণে বাংলাদেশের কৌশলপত্র চূড়ান্ত হবে বলে জানা গেছে। এর পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদন পাওয়া গেলে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হবে।
তিন শর্ত পূরণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা সফল হলেই কেবল মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপ লাইন নির্মাণে তিন দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এমপি বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, বৈঠক নিয়ে ইতিমধ্যে তিনি বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে কথা বলেছেন। তিনি জানান, শর্ত পূরণে ভারতের সাথে আলোচনা কৌশলপত্র চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে।
গত ১২ ও ১৩ জানুয়ারি ইয়াঙ্গুনে অনুষ্ঠিত তিন দেশের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে তিন শর্ত পূরণ সাপেক্ষে মায়ানমারের গ্যাস ভারতে নেয়ার জন্য পাইপ লাইন নির্মাণের পক্ষে বাংলাদেশ নীতিগত সম্মতি প্রদান করে।
এর আলোকে ত্রি-দেশীয় কারিগরি কমিটি গত ২৪ ও ২৫ ফেব্র“য়ারি ইয়াঙ্গুনে এক বৈঠকে মিলিত হয়ে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়ন করে। এই বৈঠকেও বাংলাদেশ সুস্পষ্টভাবে তার অবস্থানের কথা জানায়।
মায়ানমারের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এপ্রিল মাসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ চূড়ান্ত করার জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে ভারতের জ্বালানি মন্ত্রী মনি শংকর আয়ার ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। তবে জ্বালানি মন্ত্রী পাল্টা চিঠি দিলেও সফরের তারিখ জানানো হয়নি।
জ্বালানি মন্ত্রণালয় আশা করছে তিন শর্ত পূরণের কৌশলপত্র নির্ধারণ করার পরই মনি শংকর আয়ারকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হবে।
