২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম মূল্যে গ্যাস চেয়েছে বিজিএমইএ

বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) দেশের গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে ৩৫ শতাংশ কম দামে গ্যাস সরবরাহে সরকারের প্রতি দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সাথে বৃহষ্পতিবার এক বৈঠকে বিজিএমইএ নেতারা আগামী জাতীয় বাজেটে হ্রাসকৃত মূল্যে গ্যাস বরাদ্দ চেয়েছেন।

তারা গার্মেন্টস কারখানাগুলোতে জেনারেটরের জন্য প্রতি ঘনফুট গ্যাস বর্তমান মূল্য তিন টাকা তিয়াত্তর পয়সার পরিবর্তে দু’টাকা বিয়াল্লিশ পয়সা এবং বয়লারে ব্যবহার্য গ্যাসের জন্য বর্তমান পাঁচ টাকা তেইশ পয়সার পরিবর্তে তিন টাকা চল্লিশ পয়সা হ্রাসকৃত মূল্যের প্রস্তাব করেছেন। এই হ্রাসকৃত মূল্য পরবর্তীকালে সরকার কর্তৃক ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করা যেতে পারে বলেও তারা প্রতিমন্ত্রীর কাছে উত্থাপিত প্রস্তাবে উল্লেখ করেন।

বিজিএমইএ সভাপতি আনিসুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল ন্যুনতম গ্যাসচার্জ রহিত করে শুধুমাত্র মিটার রিডিং অনুযায়ী চার্জ করার জন্য অনুরোধ রাখে। জ্বালানী প্রতিমন্ত্রী প্রস্তাবসমূহ বিবেচনা করার আশ্বাস দেন।

এর আগে বিজিএমইএ প্রতিনিধিদল বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন মাহমুদের সাথে সাক্ষাৎ করে তৈরী পোশাক খাতে সব সময়ের জন্য এক টাকা আটানব্বুই পয়সা ফ্ল্যাট রেটে বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করেন।