২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহরে বছরে পাঁচ থেকে ছয় শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে

দেশের শতকরা ২৫ শতাংশ মানুষ এখন শহরে বাস করছে। প্রতিবছর শহরাঞ্চলে পাঁচ থেকে ছয় শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালে শহরে জনসংখ্যার পরিমান দাঁড়াবে ৩৪ শতাংশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

রোববার ঢাকার একটি রেঁস্তোরায় ‘বাংলাদেশের গৃহায়ণ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য দেওয়া হয়।

আগামী ২১ থেকে ২৩ মে যুক্তরাজ্যের লন্ডন মুসলিম সেন্টারে এবং ২৮ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটান সেন্টারে অনুষ্ঠেয় ‘রিহ্যাব ফেয়ার ২০০৫’-কে সামনে রেখে এ আলোচনার আয়োজন করা হয়।

রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত হ্যারি কে. টমাস।

সংগঠনের সভাপতি ড. তৌফিক এম. সিরাজ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি এসএম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান এবং অনুষ্ঠেয় ‘রিহ্যাব ফেয়ার ২০০৫’-এর সমন্বয়কারী তানভীরুল হক প্রবাল।

মার্কিন রাষ্ট্রদুত হ্যারি কে. টমাস বলেন, ঢাকা মহানগরীতে প্রতিদিনই জনসংখ্যা বাড়ছে। ফলে ক্রমবর্ধমান মানুষের জন্য সৃষ্টি হচ্ছে আবাসনের সংকট। এ সমস্যার সমাধানে গৃহায়ন শিল্প মালিক ও কর্মীরা কাজ করে যাচ্ছে। দেশের মতো বহির্বিশ্বেও এ শিল্প বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

তিনি ‘রিহ্যাব ফেয়ার ২০০৫’-এর সাফল্য কামনা করেন।

মূল নিবন্ধে বলা হয়, দেশে শহরাঞ্চলে বছরে ছয় লাখ থেকে আট লাখ নতুন আবাসনের প্রয়োজন। এর মধ্যে ঢাকাতেই প্রতি বছর ৬০হাজার নতুন আবাসন দরকার। কিন্তু আবাসন শিল্প খাত থেকে মাত্র পাঁচ থেকে ছয় হাজার আবাসনের ব্যবস্থা করা যায়। এছাড়া ঢাকার বস্তিতে প্রায় ৩৫ লাখ মানুষের বসবাস। এতে ঢাকায় এ সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে।