২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অনুমোদন পেলো যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্প

অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির এক সভায় শনিবার ৭০০ কোটি টাকার যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্পের অনুমোদন প্রদান করা হয়। প্রকল্পটি অর্থের দিক দিয়ে বেসরকারি খাতে দেশের সর্ববৃহৎ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

যেহেতু ৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটির নির্মান কাজ শেষ করতে আড়াই বছর সময় লাগবে সেজন্য অর্থমন্ত্রী সাইফুর রহমান তাগাদা দিয়ে বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে খুব দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে হবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটির উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা জানান, দুবাইয়ের বেলহাসা একম জেভি এবং কানাডার লিয়া গ্র“পকে যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার নির্মান কাজে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিকাদার কোম্পানি দুটি নির্মান, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি) ব্যবস্থায় ফ্লাইওভারটির নির্মানকার্য সম্পন্ন করবে। এই ব্যবস্থার অধীনে ঠিকাদার প্রতিষ্ঠান দুটি প্রথম ২৪ বছর ফ্লাইওভারটি পরিচালনা করবে ও পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে ছেড়ে দেবে বলে জানান অর্থমন্ত্রী। ওই ২৪ বছরের মধ্যে প্রথম ১৫ বছর ঠিকাদার কোম্পানি দুটি কর মওকুফের সুবিধা পাবে। তবে তাদের ভ্যাট প্রদান করতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিসিসি মেয়র বলেন, এই মাসের মধ্যে ফ্লাইওভারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। এ প্রকল্প বাস্তবায়ন করতে ডিসিসিকে শুধুমাত্র ১৮ কাঠা জমি অধিগ্রহণ করতে হবে।

মন্ত্রিপরিষদের ওই সভায় তৈরি পোষাক ও টেক্সটাইল সেক্টর বিষয়ক জাতীয় সমন্বয়ক পরিষদের কিছু সুপারিশ অনুমোদিত হয়। তবে সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউজ স্থাপন সংক্রান্ত সুপারিশ অনুমোদন লাভ করেনি।

নৌবাহিনীকে নারায়নগঞ্জের একটি ডক হস্তান্তরের সিদ্ধান্ত নেয় ওই কমিটি। তবে চট্টগ্রাম স্টিল মিল কর্পোরেশনের ঋণ মওকুফের সুপারিশ পুর্নবিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

মহাখালী ও খিলগাঁও’র পর যাত্রাবাড়ি-গুলিস্তান প্রকল্পটি হবে দেশের তৃতীয় ফ্লাইওভার।