২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা ইপিজেড থেকে আমদানি-রপ্তানি স্থহিতাদেশ প্রত্যাহার

কাস্টম বিভাগ মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা থেকে আমদানি-রপ্তানি পরিচালনায় জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ায় মঙ্গলবার সেখানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মংলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তবে মংলা কাস্টমস হাউজ খুলনা কর্তৃক নিয়োগকৃত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ অব্যহত রেখেছে। ৮ মার্চ গঠিত এ তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, ইপিজেড-এ শুধুমাত্র দেশীয় বিনিয়োগে পরিচালিত দুটি কোম্পানির বিরুদ্ধে আমদানি রপ্তানি কার্যক্রমে বিধি লঙ্ঘন ও রাজস্ব ফাঁকির অভিযোগের প্রেক্ষিতেই গত ৮ মার্চ এ স্থগিতাদেশ প্রদান ও তদন্ত কমিটি গঠিত হয়।

মংলা ইপিজেড এর মহা ব্যবস্থাপক এএমএম সামসুদ্দিন চৌধুরী বিডিনিউজকে বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার করে শুল্ক বিভাগ থেকে ইস্যুকৃত একটি চিঠি ১৪ মার্চ  আমাদের হাতে পৌঁছায়।

মংলা কাস্টমস হাউজ, খুলনার যুগ্ম কমিশনার একেএম নুরুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, তদন্ত কাজে প্রতিষ্ঠানগুলোর স্বত্তাধিকারীদের সার্বিক সহযোগিতা প্রদানের মৌখিক আশ্বাসের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাভাবিক আমদানি-রপ্তানির কাজ পরিচালনার আদেশ দেয়া হলো।

বর্তমানে মংলা ইপিজেড-এ সম্পূর্ণ বিদেশী বিনিয়োগে ৫টি, বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে দুটি ও কেবল দেশীয় উদ্যোক্তাদের দুটি প্রতিষ্ঠান কাজ করছে।