প্রাইভেটাইজেশন কমিশনের কাছে ৬৬ টি বেসরকারিকৃত প্রতিষ্ঠানের কোন তথ্য নেই
আইনগত বাধ্যবাধকতা সত্ত্বেও ৬৬ টি বেসরকারিকৃত শিল্প-প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সম্পর্কে প্রাইভেটাইজেশন কমিশনের কাছে কোনো তথ্য নেই।
কমিশনের সভাপতি ইনাম আহমেদ চৌধুরী বলেন, “ওই প্রতিষ্ঠানগুলো ভাল করছে, যদিও লোকবলের অভাবে ওইসমস্ত প্রতিষ্ঠান পর্যবেক্ষণে আমাদের কোনো মনিটরিং সেল
এবং তা মূল্যায়নের ব্যবস্থা নেই”।
বেসরকারিকরণ আইন- ২০০০ এর ১০(২) (ট) ধারা এবং বেসরকারিকরণ নীতি ২০০১ এর অষ্টম অধ্যায়ের ২০ ধারায় প্রাইভেটাইজেশন কমিশনকে বেসরকারিকৃত প্রতিষ্ঠানের উন্নতি-অবনতি সম্পর্কে নিয়মিতভাবে সরকারকে অবহিত করার কথা বলা হয়েছে ।
কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ থেকে অক্টোবর’২০০৪ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৬৬ টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেয়া হয়েছে। এগুলোর মধ্যে ৩৯টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বিক্রয়, ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় এবং ৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে দেয়ার মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছে। বাকি ৮টি প্রতিষ্টান ক্রেতার কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
কিন্তু কমিশনের কাছে এসমস্ত বেসরকারিকৃত প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা সম্পর্কে কোনো পরিসংখ্যান নেই।
বিডিনিউজের এক প্রশ্নের জবাবে কমিশনের একজন কর্মকর্তা জানান, বেশিরভাগ বেসরকারিকৃত প্রতিষ্ঠান তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে চায় না। উপরন্তু, প্রতিষ্ঠানে সরকারের হস্তক্ষেপকে তারা সমস্যা বলে মনে করে।
কমিশন এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাথে যোগাযোগ করেছে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “ বিষয়টি দেখার জন্য কমিশনে সুনির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো লোক নেই”।
জানা যায়, কমিশনে কর্মরত ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, পাঁচজন যূগ্ম-সচিব, একজন উপসচিব, পাঁচজন ঊর্ধ্বতন সহকারি সচিব এবং দুজন সহকারি সচিবসহ বাকি দুজন নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “কমিশনে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাজ খুবই কম। বেশিরভাগ কাজ করতে হয় নিম্মপদস্থ কর্মকর্তাদের।”
