বিশ্বব্যাংক উচ্ছেদকৃত রিকশাচালকদের কর্মসংস্থানে ঋণ দেবে
বিশ্বব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প এবং প্রশিক্ষণের মাধ্যমে রাজধানীর উচ্ছেদকৃত রিকশাচালকদের কর্মসংস্থানের জন্য ৪২ কোটি টাকা ঋণ প্রদান করবে।
স্বেচ্ছাসেবী সংস্থা দি গুড আর্থ অয়োজিত ‘বাংলাদেশের রিকশাচালকদের জীবনযাত্রার মান’ শীর্ষক এক সেমিনার থেকে এ কথা জানা যায়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ট্রান্সপোর্ট কোর্ডিনেশন বোর্ড সহ (ডিটিসিবি) বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং এনজিও’র প্রতিনিধিরা সেমিনারে বক্তব্য রাখেন।
সেমিনারে ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কিছু প্রধান সড়ক ছাড়া রিকশাকে শহরের সকল রাস্তায় চলতে দেয়া উচিত। শহর প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে আর এজন্য রিকশাকে উচ্ছেদ করা সঠিক সিদ্ধান্ত হবে না।
তিনি আরও বলেন, রিকশাচালকদের বিকল্প উপায়ের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা উচিৎ নয়।
সেমিনারে সুশীল সমাজ ও এনজিও’র প্রতিনিধিরা রাজধানী থেকে সব রিকশা তুলে না দেয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানান। কিছু সংখ্যক প্রধান সড়ককে রিকশামুক্ত করা হলেও শহরের শত শত লেন ও বাইলেনগুলোতে রিকশা চলাচল উন্মুক্ত করে দেয়া উচিত বলে তারা মত প্রকাশ করেন।
সেমিনারে ডিটিসিবি’র কর্মকর্তারা জানান, দেশের রিকশা চালকদের জীবনযাত্রাকে গতিশীল করতে প্রশিক্ষণ দেয়া হবে।
