বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থবাজারে অংশগ্রহণ সীমিত করেছে
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত নির্ভরশীলতা ও দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনার কারণে কলমানি মার্কেটে অংশগ্রহণ সীমিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, কোনও আর্থিক প্রতিষ্ঠানের অত্যধিক কলমানি মার্কেট নির্ভরতা ওই প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনার দুর্বলতাকেই চিহ্নিত করে।
কলমানি মার্কেট নির্ভরতার পরিবর্তে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিকল্প অনুসন্ধানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে, ক্রেডিট লাইন, মর্টগেজ সিকিউরাইজেশন, অ্যাসেট সিকিউরাইজেশন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওইসব প্রতিষ্ঠান কলমানি মার্কেট থেকে তাদের মোট সম্পদের শতকরা ১৫ ভাগের অধিক ধার নিতে পারবে না।
এছাড়া, যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে ১৫ ভাগের বেশি ধার করেছে তাদের আগামী ৩০ জুনের মধ্যে দেনার পরিমাণ কমিয়ে আনতে হবে।
আগামী ১ জুলাই থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।
