২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ক্ষুদ্রঋণ আইন পাশ হতে যাচ্ছে: অর্থমন্ত্রী

দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের অর্থায়নে সরকারের নজরদারি নিশ্চিত করার জন্যে জানুয়ারিতে আইন পাশ করা হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার দেশের শীর্ষস্থানীয় বেসরকারী ক্ষুদ্রঋণ সংস্থা অ্যাসোসিয়েশন ফর সোশাল অ্যাডভান্সমেন্ট (আশা)’র ২৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধার অতিথির বক্তব্যে একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে এনজিওগুলোর অর্থের সঠিক উৎস এবং সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে, তা জানা সরকারের জন্যে অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণের কথা বলে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ--সহায়তা করা হচ্ছে কি—না, সরকার এ ব্যাপারেও নিশ্চিত হতে চায়।

আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। সংস্থার গভর্নিং বডির চেয়ারপার্সন তাহেরুন্নেছা আব্দুল্লাহর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আশার প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরী।

অর্থমন্ত্রী তার বক্তব্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমে দেশের কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থা অবশ্যই আমাদের কৃষি খাতকে আরও গতিশীল করতে পারে।

এ বছরের মার্চ মাসে ‘মাইক্রো ক্রেডিট রেগুলেশন অথরিটি অ্যাক্ট’ নামে একটি আইনের খসড়া বাংলাদেশ ব্যাংকের মাইক্রো ক্রেডিট রিসার্চ অ্যান্ড রেফারেন্স ইউনিট--এ (এমআরআরইউ) তৈরি করা হয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্র বিডিনিউজকে জানায়।

অর্থমন্ত্রী জানান, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের এক সভায় প্রস্তাবিত এই আইনের খসড়া পরীক্ষা করে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে। আগামী জানুয়ারিতে এ সংক্রান্ত আইন পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে অর্থমন্ত্রী আটজনকে আশার দেওয়া ক্ষুদ্র উদ্যোগ ঋণ (এসইএল) প্রদান করেন। ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে এ ঋণ প্রদান করা হয়।