২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ওষুধ রপ্তানির পরিমাণ হ্রাস পেলেও স্বাস্থ্য মন্ত্রীর পুরানো তথ্য ব্যবহার

গতবছরের হিসেব দেখিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০০৫--০৬ অর্থবছরে ওষুধ রপ্তানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। যদিও চলতি অর্থবছরের প্রথম চার মাসে ওষুধ রপ্তানি সাত দশমিক ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রাজধানীর হোটেল শেরাটনে শনিবার জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রীলংকায় ৩০০ কোটি টাকার ওষুধ রপ্তানি সম্পর্কিত একটি সমঝোতা চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালে ওষুধ রপ্তানির পরিমাণ ২৪০ গুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০০৫--০৬ অর্থবছরেও অনেক বাড়বে।

তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৫--০৬ অর্থবছরের জুলাই--অক্টোবর সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় ওষুধ রপ্তানির পরিমাণ হ্রাস পেয়েছে সাত দশমিক ৩৫ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রীর জানুয়ারি--ডিসেম্বর বছর ধরে প্রবৃদ্ধির যে তথ্য প্রদান করেন তার সঙ্গে অর্থবছরের হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম সফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিএসএমইউ’র উপাচার্য অধ্যাপক এমএ হাদি, ওষুধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান, জিসকা ফার্মাসিউটিক্যাল--এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান প্রমুখ।

ওষুধ রপ্তানির পরিমাণ হ্রাস পাওয়ার কারণ জানতে চাওয়া হলে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম সফিউজ্জামান এর আগে বিডিনিউজকে বলেন, চলতি বছরের জানুয়ারি--জুন প্রথম ছয় মাসে রপ্তানির পরিমাণ ৬০ শতাংশের বেশি বেড়েছে।

তিনি বলেন, এর আগে বিদেশের বাজারে রপ্তানিকৃত ওষুধের মজুদ শেষ হয়ে গেলে পুনরায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের ওষুধ বিশ্বের ৬২টি দেশে রপ্তানি হচ্ছে, শংকিত হওয়ার কোন কারণ নেই।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম চার মাসে ওষুধ রপ্তানি করে আয় হয়েছে সাত দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল আট দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।