দশ মাসে বাংলালিংকের গ্রাহক ১০ লাখে উন্নীত
মাত্র ১০ মাসে বাংলালিংকের গ্রাহক দশ লাখে দাঁড়িয়েছে। মঙ্গলবার মিশর ভিত্তিক কোম্পানি ওরাসকম টেলিকম এ ঘোষণা দেয়।
এক সংবাদ সম্মেলনে দ্রুত সম্প্রসারণশীল মোবাইল অপারেটর বাংলালিংকের চেয়ারম্যান নাগিব সুয়্যারিস বলেন, টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের জন্যে বাংলাদেশ চমৎকার এক গন্তব্য।
তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, এতে আরও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে এবং এখানে টেলিকম মার্কেটও আরও প্রসারিত হচ্ছে।
মিশর ভিত্তিক কোম্পানি ওরাসকম টেলিকমের স্থানীয় শাখা বাংলালিংক ফেব্র“য়ারি থেকে কার্যক্রম শুরু করে গ্রাহকের সংখ্যা দশ লাখে উন্নীত করেছে। আগামী বছরের মধ্যে তাদের এ গ্রাহক সংখ্যা ৩০ লাখে উন্নীত হবে বলে তিনি জানান।
ওরাসকম অধুনালুপ্ত সেবা টেলিকম কিনে নেয়। ফেব্র“য়ারি পর্যন্ত সেবার গ্রাহক ছিল মাত্র ৬০ হাজার। ওই সময় তারা নেটওয়ার্ক সম্পসারণের জন্য ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।
সুয়্যারিস জানান, ভবিষ্যতে তারা আরও বিনিয়োগ করবেন। ২০০৮ সালের মধ্যে দেশের আশি ভাগ এলাকা বাংলালিংকের নেটওয়ার্কের আওতায় চলে আসবে।
বর্তমানে বাংলাদেশের ৯০ লাখ লোক মোবাইল ব্যবহার করছে। গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। তাদের গ্রাহক সংখ্যা ৫০ লাখ।
২০০৭ সালের মধ্যে মোবাইল গ্রাহক সংখ্যা কমপক্ষে দুই কোটি ১০ লাখে উন্নীত হবে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়।
