২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিআরডি মন্ত্রীর সাথে ইইউ রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাত

বাংলাদেশে নব নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইউরোপীয় কমিশনের হেড অব ডেলিগেশন ড. স্টিফান ফ্রওয়েইন এবং ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জেফরি রেকি মঙ্গলবার পৃথকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে তার সচিবালয় কার্যালয়ে স্বাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, স্বাক্ষাতকালে ইইউ রাষ্ট্রদূত  স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইসি’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, বিশেষ করে পল্লী রক্ষণাবেক্ষণ প্রকল্প এবং সিরাজগঞ্জ লোকাল গভর্ণমেন্ট প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী ইউসি’র নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগতঃ জানান এবং বলেন, ইউরোপীয়ান ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকেই এ দেশের পূণর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নে ইসি ব্যাপকভাবে সহায়তা করে আসছে এবং আগামী দিনগুলিতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শরফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎকালে বিশ্বব্যাংক পরিচালক  সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, বিশেষ করে পল্লী এলাকায় পাইপের সাহায্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প ও আর্সেনিক নিরোধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং জন্মলগ্ন থেকেই এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে আসছে। আগামী দিনগুলিতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পানি সরবরাহ) মোঃ মোখলেসুর রহমান, বিশ্বব্যাংকের প্রতিনিধি কেরিন ক্যাম্পার, ডেভিড হুগার্ড, এবং কে. মিন্নত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।