ভ্যাট হার বাড়ানোর ইঙ্গিত দিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান চৌধুরী শনিবার ভ্যাট হার সামান্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাজ্যের ভ্যাটের হার সাড়ে ১৭ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, দেশে আগামীতে এ হার বাড়ানো হতে পারে।
বাংলাদেশে বর্তমানে ভ্যাটের হার ১৫ শতাংশ।
বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশ করনীতি ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি ভ্যাটের হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজহার আলীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল হামিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্ট্রাটোজিসের মোস্তাফিজুর রহমান এবং কাজী রাকিব উদ্দিন আহমেদ।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব খায়রুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী সরকারের প্রধান রাজস্বের আমদানি শুল্ক ১৯৯৮--৯৯ সালে ৫৭ দশমিক ৫২ শতাংশ থেকে ২০০৪--০৫ সালে ৫০ শতাংশে হ্রাস পেয়েছে।
‘আমদানি শুল্কের পরিমাণ ভবিষ্যতে আরো কমবে’ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভ্যালুয়েশন ডাইরক্টেটরের ডাটাবেজসহ রাজস্ব বিভাগের সক্ষমতা উন্নয়ন প্রক্রিয়াধীন রয়েছে। তা সম্পন্ন হলেই পিএসআই পদ্ধতি বাতিল করে কাস্টমস অফিসকে সে দায়িত্ব দেওয়া হবে।
দেশে কর দেওয়ার সংস্কৃতি নেই উল্লেখ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান উদাহরণ দেন, চলতি অর্থবছরে ১৬টি ইউনিট সম্পন্ন দেশের প্রথম ২০ জন সম্পদশালীর মধ্যে একজন তার বাৎসরিক আয় দেখিয়েছেন চার মিলিয়ন টাকা, যা শুধু করযোগ্য নয়, এমন মৎস প্রকল্পের আয়। বাকি প্রকল্পগুলোতে তিনি লোকসান দেখিয়েছেন।
তিনি জানান, এক শিল্পপতির তিন সন্তান ঢাকার একটি বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তাদের বাৎসরিক টিউশন ফি ৩৬,০০০ ডলার। অথচ এই শিল্পপতি তার বাৎসরিক আয় দেখিয়েছেন মাত্র দেড় লাখ টাকা।
কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিও জডিত উল্লেখ করে মো. খায়রুজ্জামান চৌধুরী বলেন, মাত্র দু’মাস আগে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি পাঁচ বছর আগের সাড়ে পাঁচ কোটি টাকার কর প্রদানে বাধ্য হয়েছে।
কর জিডিপির অনুপাত ১০ দশমিক ৫ শতাংশ উলেখ করে তিনি বলেন, আগামী দশ বছরের মধ্যে কর জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ।
তিনি বলেন, দশমিক ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে গত অর্থবছরে দশমিক ৪০ শতাংশ কর জিডিপির অনুপাত বেড়েছে এবং এ বছরেও লক্ষ্যমাত্রা থেকে বেশি আদায় হবে।
রাজস্ব বিভাগের চলমান সংস্কার কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সংস্কার সস্পন্ন হবে। ফলে রাজস্ব আদায় ও পদ্ধতির ব্যাপক উন্নয়ন ঘটবে। একই সঙ্গে সকল রাজস্ব অফিসে কম্পিউটারাইজেশন ঘটছে।
কর আইনের দুর্বলতার কথা উলেখ করে তিনি বলেন, কর আইন প্রয়োগের অভাবে কর আদায় বাড়ানো যায় না।
মো. আব্দুল হামিদ বলেন, বিশ্বে বাংলাদেশের কর জিডিপির অনুপাত সবচেয়ে কম।
