২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলবন্দর দিয়ে নিট সুতা আমদনির সিদ্ধান্ত নিতে কমিটি গঠনে এফবিসিসিআই’র প্রস্তাব

নিট সুতা আমদনির জন্যে অবিলম্বে স্থলবন্দর খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার যে আশ্বাস দিয়েছেন, তার প্রেক্ষিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সরকারি প্রতিনিধি ও এসবিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধি সম্বন্বয়ে এ কমিটি গঠনের কথা বলে সংগঠনটি।

এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, স্থলবন্দর দিয়ে সুতা আমদানির বিষয়টি একদিকে সুতা উৎপাদনসহ বস্ত্রখাত এবং অন্যদিকে নিটওয়্যার রপ্তানির সঙ্গে জড়িত।

তারা বলেন, সুতা আমদানির ফলে স্থানীয় সুতা উৎপাদন ব্যাহত হতে পারে এবং সেই সঙ্গে বৈদেশিক রির্জাভের ওপরও চাপ পড়তে পারে। আবার অন্যদিকে তা নিট শিল্পের প্রবৃদ্ধি বাড়বে এবং রপ্তানি বাজার আরো সম্প্রসারিত করবে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, গত তিন বছর ধরে বিকেএমইএ ও বিজিএমইএ বারবার সুতা আমদনির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার দাবি করা হলেও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি বলেন, এমনকি এর আগে এফবিসিসিআইসহ তিন সমিতির বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। সে ব্যাপারেও এফবিসিসিআইসহ বিটিএমএ কোনও বৈঠকে রাজি হয়নি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর আর কোনও বৈঠকের প্রয়োজন নেই।  

২০০২ সালের ৯ মার্চ থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে নিট ও ওভেন সুতা আমদনি নিষিদ্ধ করা হয়। যদিও প্রধানমন্ত্রী নিট সুতা আমদানির জন্যে বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন।