দু’টি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৬৫৩ কোটি টাকা দেবে ডিএফআইডি
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (ডিএফআইডি) বাংলাদেশকে দু’টি প্রকল্প বাস্তবায়নে প্রায় ৬৫৩ দশমিক ছয় কোটি টাকা (৫৭ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড স্টার্লিং) অর্থ সহায়তা দেবে।
প্রকল্প দু’টি বাস্তবায়ন সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারক রোববার ব্রিটিশ ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং ডিএফআইডি’র বাংলাদেশ প্রধান ডেভিড উড রোববার বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের গুলশানের বাসায় স্ব স্ব দেশের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং বাংলাদেশ সফররত ব্রিটিশ উন্নয়নমন্ত্রী হিলারি বেন উপস্থিত ছিলেন।
গ্রামীণ বিদ্যুতায়ন উন্নয়ন কর্মসূচি (আরইডিপি) এবং ইউকে-বাংলাদেশ রেমিটেন্স অ্যান্ড পেমেন্টস পার্টনারশিপ প্রোগ্রাম (আরপিপি) বাস্তবায়নে ওই অর্থ ব্যবহার করা হবে।
আরইডিপি বাস্তবায়নে সর্বমোট খরচ পড়বে ১৬১ মিলিয়ন পাউন্ড স্টার্লিং। তন্মধ্যে ডিএফআইডি দেবে ৫০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং এবং অবশিষ্ট অর্থ দেবে বাংলাদেশ সরকার।
ডিএফআইডি’র অনুদানের ৬৫৩ দশমিক ৩ কোটি টাকা টাকা থেকে ৫৬৮ দশমিক ৩৫ কোটি টাকা ব্যয় হবে আরইডিপি’র খাতে এবং অবশিষ্ট টাকা আরপিপি বাস্তবায়নে ব্যয় করা হবে।
আগামী পাঁচ বছরের মধ্যে আরইডিপি’র প্রকল্পটি বাস্তবায়িত হলে এক কোটি লোক ও সাড়ে তের লাখ গৃহস্থালি-ব্যবসা কেন্দ্র বিদ্যুত সেবা পাবে।
তিন বছর ব্যাপী আরপিপি প্রকল্পের আওতায় রেমিটেন্স প্রেরণের খরচ হ্রাস পাবে এবং সহজে তা প্রেরণ করার মানের উন্নয়ন ঘটবে।
অনুদানের জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সাইফুর রহমান বলেন, ব্রিটেন বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি আরও সহায়তা প্রদানের আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে তা দেশের বাণিজ্য ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ব্রিটিশ উন্নয়নমন্ত্রী হিলারি বেন বলেন, বাংলাদেশের অব্যাহত প্রবৃদ্ধির জন্য ব্যবসা-বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।
মাল্টি-ফাইবার চুক্তির অবসানের বাংলাদেশ ভালভাবেই মানিয়ে নিচ্ছে বলে মি. বেন উল্লেখ করেন।
দরিদ্রতা নিরসনে ব্রিটিশ সরকারের পক্ষে ডিএফআইডি আন্তর্জাতিকভাবে কাজ করে থাকে।
বাংলাদেশ সরকারের দারিদ্র নিরসন কৌশল পত্র (পিআরএসপি) সাথে সামঞ্জস্য রেখে ব্রিটিশ সরকারের কান্ট্রি এসিস্ট্যান্স প্লানের আওতাধীন ডিএফআইডি’র মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে।
ডিএফআইডি ২০০৫--২০০৬ এবং ২০০৬--২০০৭ সময়ে প্রতিবার বাংলাদেশকে ১২৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, দুইদিনের রাষ্ট্রীয় সফরে হিলারি বেন এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
