সরকার ডিএফআইডির সাথে বিদ্যুায়ন ও রেমিটেন্স বিষয়ক উন্নয়ন প্রকল্প স্বাক্ষর করতে যাচ্ছে
বাংলাদেশ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) সাথে রোববার দু’টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রকল্প দু’টি হচ্ছে-- পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম (আরইডিপি) এবং রেমিটেন্স অ্যান্ড পেমেন্ট পার্টনারশিপ (আরপিপি)।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হিলারি বেন।
বিদ্যুতায়ন বিষয়ক প্রকল্পটিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্রামীণ জনগণের মাত্র ২৫ শতাংশ বিদ্যুৎ সুবিধা লাভ করলেও অধিকাংশ দরিদ্র জনগণ এখনও এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আরইডিপি বাস্তাবায়িত হলে ১৩ লাখ ৫০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, যার মধ্য দিয়ে ১০ মিলিয়ন লোকে বিদ্যুতের আওতায় আসবে। এই প্রকল্পের জন্যে ১৬১ মিলিয়ন পাউন্ড ব্যয় ধরা হয়েছে।
অপর দিকে তিন বছর মেয়াদী রেমিটেন্স অ্যান্ড পেমেন্ট পার্টনারশিপ (আরপিপি) প্রকল্পের লক্ষ্য হচ্ছে-- কম খরচে, দক্ষতার সাথে এবং সহনীয় সুদে বিদেশি রেমিটেন্স বাংলাদেশে পৌঁছানের ধাপগুলোর উন্নয়ন ঘটানো।
প্রকল্পটি প্রতিষ্ঠা করা গেলে নয় লাখ প্রবাসির পাঠানো রেমিটেন্স দেশের সাড়ে চার মিলিয়ন লোকের উন্নয়নে প্রভাব ফেলবে। দেশের মোট জিডিপি’র শতকারা ১০ শতাংশ আসে রেমিটেন্স থেকে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় সহায়ক।
২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত তিন বছরের জন্যে আরপিপি’র মোট বাজেট ধরা হয়েছে সাড়ে সাত মিলিয়ন পাউন্ড।
