জঙ্গি মোকাবেলার উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপ শুরু
জঙ্গি মোকাবেলায় কার্যকর উপায় খুঁজে বের করতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংলাপের শুরুর দিনে শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন।
সংলাপ শেষে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তাদের বিচারের জন্যে সরকার দ্রুত বিচার আইনের পাশাপাশি আরও কঠোর আইন পাস করতে যাচ্ছে।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে বিভিন্ন চেম্বারের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রথম দিনের এ সংলাপে অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত তিন ঘন্টাব্যাপী এ সংলাপে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, বোমা হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যে প্রধানমন্ত্রী আমাদেরকে কঠোর আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন।
বৈঠকে ব্যবসায়ীরা দেশের সন্ত্রাসবাদ ও রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ করতে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানান।
এসময় তারা প্রধানমন্ত্রীকে জঙ্গি দমনে সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।
অপর এক ব্যবসায়ী বলেন, আমরা (ব্যবসায়ীরা) চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হোক। সরকার পরিবর্তন হলেই যে জঙ্গি নির্মুল হয়ে যাবে তা নয়। গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।
জঙ্গি কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়ছে সে ব্যাপারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তারা প্রধানমন্ত্রীকে ব্যবসায়ী সম্প্রদায়, সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে একটি জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রতিষ্ঠার পরামর্শ দেন।
তারা সংলাপ অব্যাহত রাখার এবং বিরোধী দলের অংশ নেয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী সংলাপ চালিয়ে যাওয়ার ব্যপারে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার উপায় খুঁজে বের করার জন্যে আমরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত নেব।
তিনি বলেন, এটি আমাদের একার সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। তাই এ সমস্যা মোকাবেলায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সহযোগিতার পরিবর্তে হরতাল আহ্বান করায় বেগম জিয়া বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা যদি জনগণের রাজনীতি করে তাহলে কেন তারা সংসদে আসে না?
তিনি প্রধান বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার এবং জঙ্গি মোকাবেলার ব্যাপারে তাদের মতামত প্রদানের আহ্বান জানান।
