২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটার অধীনে বাংলাদেশের পোষাক শিল্প এবং সিরামিক ভারতে প্রবেশ করবে

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিষয়ক মহাপরিচালক রুহুল আমিন শনিবার বিডিনিউজকে জানান, চুক্তি অনুযায়ী, ভারত থেকে কাপড় আমদানি করার শর্তে নয়াদিল্লি ছয় মিলিয়ন খন্ড আরএমজি ভারতে রপ্তানি করতে বাংলাদেশকে অনুমতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরে অনুষ্ঠিত সাফটা বিশেষজ্ঞ কমিটির (সিওই) দ্বাদশ বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) রুহুল আমিন বলেন, বিশেষ ছাড়ের আওতায় ভারতে আরও বেশি বাংলাদেশী পণ্য দেশটিতে প্রবেশাধিকার দিতে উপায় খুঁজে বের করতে দুই দেশের কর্মকর্তারা একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

কোন পণ্যের ক্ষেত্রে ৫০ ভাগ উৎপাদন মূল্যের সাথে যে দেশে চূড়ান্তভাবে পণ্যটি প্রস্তুত করা হবে অথবা যে দেশে পণ্যটি রপ্তানি করা হবে সে দেশে ২০ ভাগ মূল্য যোগ করে ওই পণ্যটি শুল্ক হ্রাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে সিওই’র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রুলস অব অরিজিনের উপর সিওই’র বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সম্পর্কে মহাপরিচালক রুহুল আমিন বলেন, এই রুলটি সার্ক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত করবে। নিজ দেশে কম মূল্যের পণ্যের রপ্তানি করার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে এটি বিশেষ সুবিধা দেবে। এছাড়াও ১৯১ টি পন্য বিশেষ সুবিধা পাবে।

বাংলাদেশের সিরামিক শিল্পকে ভারতের বাজারে প্রবেশাধিকার দিতে সিরামিক ও সিরামিকজাত পণ্যগুলোকে ভারতের স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে বাদ দিতে নয়াদিল্লি সম্মত হয়েছে।

মহাপরিচালক আমিন বলেন, সফল সমঝোতা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি বাস্তবায়নের পথ প্রশ্বস্ত হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে  ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা চুক্তি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সাফটা চুক্তির আওতায় প্রথম দুই বছরে এলডিসি সদস্য দেশগুলো প্রথম দুই বছরে ২০ ভাগ শুল্ক কমিয়ে আনবে। ২০১২ সালের মধ্যে তা ৫ ভাগ নামিয়ে আনা হবে।

সাফটা বাস্তবায়নের কারণে স্বল্পোন্নত দেশগুলো যে রাজস্ব লোকসানের সম্মুখীন হবে, তার ক্ষতিপূরণ দিতে বিশেষজ্ঞরা একটি কৌশল নির্ধারন করেছেন বলে রুহুল আমিন জানান। তিনি বলেন, এক্ষেত্রে স্বল্পোন্নত দেশের (এলডিসি) অন্তর্ভূক্ত নয় এমন দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদান করবে।

তিনি বলেন, মার্কিন ডলারে এ ক্ষতিপূরণ প্রদান করা হবে। এই সিদ্ধান্তের মেয়াদকাল চার বছর।

তবে মালদ্বীপের অর্থনীতি কাস্টমস শুল্কের উপর বহুলাংশে নির্ভরশীল দেশটি এক বছর বেশি ক্ষতিপূরণ পাবে বলে তিনি উল্লেখ করেন।

স্পর্শকাতর পণ্যগুলোর তালিকা কমিয়ে এনে মোট শুল্কের বিশ ভাগে সীমাবদ্ধ রাখতে সার্কের এলডিসি-বহির্ভূত দেশগুলো রাজি হয়েছে। ভারতের এ তালিকায় এলডিসি ভুক্ত দেশের জন্যে রয়েছে ৭৬৩ টি পন্য এবং এলডিসি বহির্ভুত দেশের জন্যে ৮৮৪ টি পণ্য, নেপালের এলডিসি ভুক্ত দেশের জন্যে রয়েছে ১৩৫০ টি পণ্য এবং এলডিসি বহির্ভুত দেশের জন্যে ১৩০০ টি পণ্য, বাংলাদেশের এলডিসি ভুক্ত দেশের জন্যে রয়েছে ১২৫৪ টি পণ্য এবং এলডিসি বহির্ভুত দেশের জন্যে ১২৪৯ টি পণ্য, পাকিস্তানের এলডিসি ভুক্ত এবং এলডিসি বহির্ভুত উভয়ের জন্যে ১১৮৩ টি পণ্য, শ্রীলংকার ১৫৭৪ টি পণ্য, ভুটানের তালিকায় রয়েছে ২৫৯ টি পন্য এবং মালদ্বীপের তালিকায় রয়েছে ৬৭১ টি পণ্য।

সাফটা চুক্তি বাস্তবায়নে সাফটা মন্ত্রীপরিষদ কাউন্সিল গঠন করা হবে এবং প্রতিবছর অন্তত একবার তারা বৈঠকে বসবে। এছাড়াও সাফটা চুক্তির আওতায় সার্ক সদস্য দেশগুলো পরষ্পরের মধ্যে বানিজ্য বৃদ্ধি, মান সম্পদ উন্নয়ন, পন্যের গুনগত মান উন্নয়ন এবং বিপনন ইত্যাদি নানা বিষয়ে একসাথে কাজ করবে।