২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে বাংলাদেশের সামনে থাকছে পুরোনো চ্যালেঞ্জ, আপডেট

আর মাত্র কিছুক্ষণ পরেই নতুন বছর ২০০৬ সালে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সামনের চ্যালেঞ্জ থাকছে আগের মতোই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করা, সামাজিক খাতের দারিদ্র্য, জঙ্গিবাদের উত্থান ও রাজনীতির মাঠের সেই পুরনো দ্বন্দ্ব রয়ে যাচ্ছে চিরাচরিত ভাবেই।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, ‘২০০৬ সালকে করতে হবে সাম্রাজ্যবাদ ও উগ্রবাদ থেকে মুক্তির বছর। এই সালকে সকল প্রতিকূলতা থেকে মুক্ত হয়ে উদারনৈতিক বাংলাদেশ প্রতিষ্ঠার বছরে পরিণত করতে হবে’।

তিনি বলেন, দেশের ব্যাপক জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণ ছাড়া ধর্মীয় উগ্রবাদ রোধ করা যাবে না।

অর্থনৈতিক প্রতিকূলতা হ্রাসের মাধ্যমে সমাজ দিনদিন উন্নতির দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বুদ্ধিজীবি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা গরিব। তাদেরকে সহজেই কিনে ফেলা যায়। বেকার থাকার কারণেই তারা এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এক্ষেত্রে তিনি জঙ্গিদের মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন, মাদ্রাসা শিক্ষা এমন একটি অবস্থায় রয়েছে, যেখান থেকে পাস করে চাকরি পাওয়া একটি বড় সমস্যা। নীতি নির্ধারকদের এ বিষয়টি দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

জঙ্গিবাদ কিছুটা মোকাবেলা সত্ত্বেও এখনও আতংক রয়েছে। এ কারণে সার্ক ও থাট্রি ফার্স্ট নাইট উদযাপনকালে ঢাকা, সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটাসহ অন্যান্য স্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

২০০৬ সালের প্রথমদিনটি অতিবাহিত হবে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে। কেননা নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নতুন বছরের শুরু থেকে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু করতে যাওয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম অভিযোগ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার আদালতের আদেশ পাশ কাটিয়ে যাচ্ছেন।

২০০৬ সালের প্রথম দিন রাজপথে থাকবে বিরোধী দল। অপরদিকে এদিন নগরীর পল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলে আশা করা যাচ্ছে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা রাজনীতিতে। ২০০৬ সাল নির্বাচনের বছর হওয়ায় বড় দু’টি দলের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব আরও বাড়বে।

তিনি বিডিনিউজকে বলেন, এ পরিস্থিতিতে প্রধান দু’টি দলের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী ইসলামের নামে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর, দৃঢ়চেতা ও কার্যকর পদক্ষেপ অঙ্গীকার করেন।

তিনি বলেন, ২০০৫ সালে আর্থ--সামাজিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন সফলতা পেয়েছি, তেমনি আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করা বোমা হামলাকারী ও রাজনৈতিক নৈরাজ্যবাদীদের বিরুদ্ধেও কঠোর নিয়েছি।

তিনি বলেন, এর পরও আমরা থমকে দাঁড়াইনি। সামাজিক স্থিতিশীলতা, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখতে আমরা জনগণকে সাথে নিয়ে অবিচল ও অটল থেকেছি।

অন্যদিকে, জঙ্গিবাদের উত্থানের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, কারও অধিকারই সংরক্ষিত নয়। বিএনপি--জামাত জোটের হাতে গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে বসবাসকারি সকল বাংলাদেশীকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে

সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

এজন্যে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। এক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, সাফটা, বিমসটেক ও ডব্লিউটিওসহ বেশ কিছু বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ২০০৬ সাল খুবই গুরুত্বপূর্ণ। এসব চুক্তি থেকে সুবিধা আদায়ের জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

গবেষক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিনিয়োগ ছাড়া এসব চুক্তি কোনও উপকারে আসবে না। আমাদের হাতে এখন সাফটা রয়েছে এবং এ অঞ্চলে সত্যিকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাস্তববাদী হওয়ার মাধ্যমে আমাদেরকে এটিকে সার্থক করতে চেষ্টা চালিয়ে যেতে হবে।

দেশের তৈরি পোশাকের জন্যে ২০০৬ সাল সংকটময় বছর হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ উন্নত বিশ্বে এর প্রবেশাধিকার সুবিধা অব্যাহত রাখার চাবিকাঠি হবে জোরালো সামাজিক বিধি নিষেধ।

মালিকদের মাত্রারিক্ত লাভ করার লোভের কথা উল্লেখ করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সাভার ট্রাজেডিতে কত লোক প্রাণ হারিয়েছে আমরা এখনও তা জানি না। জাতির ভবিষ্যত লাভের কথা বিবেচনা করে মালিকদের এ ধরনের লোভ প্রতিহত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।