গ্যাসের দাম প্রশ্নে পেট্রোবাংলা নাইকো বিরোধ আন্তর্জাতিক আরবিট্রেশনে গড়াতে পারে
পেট্রোবাংলা ও নাইকো উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে ফেনী গ্যাস ফিল্ড থেকে সরবরাহকৃত নাইকোর গ্যাসের দাম চূড়ান্ত করার বিষয়টি আন্তর্জাতিক আরবিট্রেশনে গড়াচ্ছে।
গত দুই দিনে চিঠি চালালাচালি ও ক্রিয়া - প্রতিক্রিয়ার পর এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় পেট্রোবাংলা হঠাৎ করেই ফেনী গ্যাসফিল্ড থেকে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি হাজার ঘনফুট ১ দশমিক ৭৫ ডলার নির্ধারণ করে নাইকোকে গ্যাস ক্রয় বিক্রয় চুক্তি স্বাক্ষরের আমন্ত্রণ জানায়।
বুধবার নাইকো পেট্রোবাংলার কাছে পাল্টা চিঠি দিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই দাম তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা বাপেক্সের সাথে স্বাক্ষর করা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট ( (জেভিএ) অনুসারে তারা প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম সর্বনিু ২ দশমিক ৩৫ ডলার দিতে সম্মত হয়েছিল।
পেট্রোবাংলা তাদের অবস্থানে অনড় থাকলে বিষয়টি নিয়ে তারা আরবিট্রেশনে যাবে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে। বুধবার জ্বালানি উপদেষ্টার কাছে দেওয়া এক চিঠিতে আরবিট্রেশনের জন্য নাইকোর পক্ষ থেকে ৮টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা জানান, উভয় পক্ষ সম্মতভাবে যে কোনো একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করার পর আরবিট্রেশন প্রক্রিয়া শুরু হবে। তবে এই নির্বাচন প্রক্রিয়ায় কত সময় লাগবে সে সম্পর্কে তিনি কিছুই বলেননি।
সূত্র জানায়, বছরের শুরুর দিকে ফেনীর গ্যাসের দাম নির্ধারণ নেগোসিয়েশনে পেট্রোবাংলার পক্ষ থেকে নাইকোকে প্রতি হাজার ঘনফুট ২ দশমিক ১০ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু নাইকো তাতে সম্মত না হওয়ার কারণে তখন এটা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
নাইকো ছাতক (টেংরাটিলা) গ্যাস ক্ষেত্রে কাজ শুরুর পর জানুয়ারি এবং জুনে দু’ দফা দুর্ঘটনার কারণে ফেনীর গ্যাসের দাম নির্ধারণ প্রক্রিয়া চাপা পড়ে যায়।
কয়েক মাস আগে জ্বালানি সচিবের নেতৃত্বে একটি কমিটি ফেনীর গ্যাস দাম নির্ধারণ প্রস্তাব পর্যলোচনা করে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে তাদের ১ দশমিক ৭৫ ডলার দেওয়ার প্রস্তাব করে। তার আলোকেই পেট্রোবাংলার পক্ষ থেকে মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়েছে।
অবশ্য সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে নাইকো ফেনী থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। নাইকোর হিসেবে ফেনী থেকে এ যাবত সরবরাহ করা গ্যাসের দাম ২ দশমিক ৩৫ ডলার হিসেবে ১৯ মিলিনয় মার্কিন ডলার। এর মধ্যে পেট্রোবাংলা দু’ দফায় নাইকোকে ৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।
তবে নাইকো ফেনীর গ্যাসের দাম বাবদ সরকারের কাছে যে অর্থ চেয়েছিল তার জবাবে পেট্রোবাংলা বলেছে দাম চূড়ান্ত হলেও নাইকোকে অর্থ প্রদান সম্ভব নয়। কেননা নাইকোকে গ্যাসের দাম প্রদানের প্রশ্নে আদালতের নিষেধাজ্ঞা আছে। এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেট্রোবাংলা নাইকোকে কোনো অর্থ প্রদান করতে পারবে না।
