২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা বাস্তবায়নে সুতাকে ‘নেগেটিভ তালিকা’ বর্হিভূত করা উচিত হবে না: বিকেএমইএ

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং আমদানিকারক সমিতি (বিকেএমইএ) শনিবার সরকারের প্রতি আহবান জানান, সুতাকে দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য অঞ্চল (সাফটা) বাস্তবায়নে ‘নেগেটিভ তালিকা’ বর্হিভূত করা উচিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বিকেএমইএ সভাপতি ফজলুল হক শনিবার যুক্তরাষ্ট্রে নিটওয়্যার পণ্যের একক মেলা পরবর্তীতে বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ দ্বিতীয় সহসভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি (ফাইন্যান্স) এমএ রহমান এবং পরিচালক এমএ বাসেদ।

তিনি বলেন, যদি সুতাকে ‘নেগেভিট তালিকা’ বর্হিভূত করা হয়, তাহলে আগামী দিনে আমাদের সামগ্রিক বস্ত্র রপ্তানি ভারত ও পাকিস্তানের ওপর নির্ভরশীল হয়ে উঠবে।

ফজলুল হক বলেন, দু’দিনের এ মেলায় সর্বমোট দু’শতাধিক ক্রেতা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

আগামীতে এ মেলা যক্তরাষ্ট্রে রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরে মার্কিন বাজারে ১শ’ কোটি ডলার নিট পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, তা অর্জনে এ মেলা ভূমিকা রাখবে।

বিকেএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রে বস্ত্র খাতের প্রভাবশালী সংগঠন আমেরিকান ম্যনুফ্যাকচারিং ট্রেড অ্যাকশন কোয়ালিশন (এএমটিএসি) এবং ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অরগানাইজেশন (এনসিটিও) বিকেএমইএ নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা শুল্কমুক্ত সুবিধার ব্যাপারে কোনও বিরোধিতা করবে না।

তিনি আবারও সরকারকে স্বল্প ব্যয়ে সরবরাহ ব্যবস্থায় সুতা আমদানির জন্যে স্থলপথ খুলে দেওয়ার আহবান জানান।

এমএ বাসেদ বলেন, স্পিনিং মিলের ক্ষমতার প্রবৃদ্ধি নিটওয়্যার উৎপাদন বৃদ্ধির চেয়ে কম এবং এ কারণেই রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পগুলো সুতার সংকটে ভুগছে।

গত দু’বছরে চাহিদা ও সরবরাহে ৫০ শতাংশ ঘাটতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, অক্টোবর-মার্চ সময়ে সুতার সংকট সর্বোচ্চ পর্যায়ে থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. ইফতেকার আহমেদ চৌধুরী ও নিউইয়র্কের কনসাল জেনারেল এবং এসইডিএফ ও বিকেএমইএ নেতৃবৃন্দ।

১৬ বিলিয়নের মার্কিন নিট বাজারে বর্তমানে বাংলাদেশ থেকে তিন শতাংশ রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশ ৪০২ মিলিয়ন ডলার পরিমাণের নিট পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।