সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে পিআরজিএফ’র পরবর্তী কিস্তির ঋণপ্রাপ্তি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার এবং বিভিন্ন খাতে সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি মূল্যায়ন করে পিআরজিএফ’র চতুর্থ কিস্তির ঋণ প্রদান করা হবে।
আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা থমাস রামবাগের নেতৃত্বে আইএমএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ১৩ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করে। এ সফর উপলক্ষে বৃহস্পতিবার আইএমএফ’র ঢাকা অফিসের উদ্যোগে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করা হয়।
থমাস রামবাগ বলেন, সরকার যদি মুদ্রাস্ফীতির চাপ কমাতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার করার প্রক্রিয়া চালিয়ে যায় এবং রাষ্ট্রায়াত্ত ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার বৃদ্ধি করে তাহলে ২০০৬ সালের প্রথমদিকে আইএমএফ’র নির্বাহী বোর্ড পিআরজিএফ’র আওতায় বাংলাদেশের চতুর্থ কিস্তির অর্থপ্রাপ্তির বিষয়টি বিবেচনা করবে।
ব্রিফিংয়ে আইএমএফ কর্মকর্তারা কর প্রশাসন, রাষ্ট্রায়াত্ত ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কার বৃদ্ধির পাশাপাশি বেতনের ভারসাম্য বজায় রেখে নীতিমালা প্রণয়নের জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে।
দারিদ্য বিমোচন ও প্রবৃদ্ধি সুবিধার (পিআরজিএফ) আওতায় তিন বছর মেয়াদী ঋণ কর্মসূচি ২০০৩ সালের জুনে অনুমোদন করা হয়। এতে মোট ৪৯৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের প্রতিশ্র“তি দেওয়া হয়। পরবর্তীতে বাণিজ্য সমন্বয় কৌশলের সহায়তা হিসেবে এর সাথে আরো ৭৫ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পিআরজিএফ’র আওতায় আইএমএফ ইতোমধ্যেই তিন কিস্তিতে বাংলাদেশকে ৭০ দশমিক ৪৩ মিলিয়ন ডলার করে ঋণ প্রদান করেছে। এছাড়া বাণিজ্য সমন্বয় কৌশলের সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলার দিয়েছে আইএমএফ।
