সামিট পাওয়ারের শেয়ার প্রথম দিনেই ৪৪৯ টাকা
শেয়ার বাজারে প্রথম দিনেই সামিট পাওয়ার লিমিটেডের শেয়ারের দাম ১৪০ টাকার বিপরীতে ৪৪৯ দশমিক ৫০ টাকায় দাঁড়িয়েছে।
উদ্বোধনী দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ মূল্য ৪৪৯ দশমিক ৫০ টাকা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ মূল্য ৪০০ টাকা রেকর্ড করা হয়।
সামিট পাওয়ারের অভিহিত মূল্য ছিলো ১০০ টাকা। যা ৪০ শতাংশ প্রিমিয়ামে আইপিওতে বিক্রি হয়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সমাপনী মূল্য ৩৫৯ টাকা এবং সর্বনিম্ন মূল্য ৩২১ টাকা ছিলো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সমাপনী মূল্য ছিল ৩৭৩ দশমিক ৭৫ টাকা এবং সর্বনিম্ন মূল্য ছিলো ৩২৯ টাকা।
জ্বালানি খাতে প্রথম বাংলাদেশ কোম্পানী পাওয়ার সামিট গত আগস্টে বাজারে শেয়ার ছাড়ে। কোম্পানীটি বিনিয়োগকারিদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। শেয়ার ছাড়ার বিপরীতে আবেদন পড়ে নয়গুন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বিডিনিউজকে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। শেয়ার মূল্যে মার্কেটের প্রকৃত অবস্থা প্রতিফলিত হচ্ছে।
তিনি বলেন, সারাদেশে বিদ্যুতায়নের আওতায় না আনা হলে দারিদ্র বিমোচনের জন্য প্রয়োজনীয় বছরে আট শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট মো. শাহিক খান জানান, বিনিয়োগকারিরা শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট সচেতন। শেয়ারের এখন সুলভ মূল্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ১১৯ দশমিক ৮৬ মিলিয়ন টাকা মূল্যের ৩৪২,৭০০ টি শেয়ার বিক্রি হয় এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১৯ দশমিক ৫৭ মিলিয়ন টাকা মূল্যের ৫৫ হাজার ২০০ শেয়ার বিক্রি হয়।
সামিট বর্তমানে সাভারের আশুলিয়ায়, কুমিল্লার চান্দিনায় এবং নরসিংদীর মাধবদীতে ১১ মেগাওয়েট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিনটি পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছে।
