২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারও কারওয়ান বাজার কার্যত: অচল ছিল

সার্ক নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রধান কাঁচাবাজার কারওয়ান বাজার সোমবারও কার্যত: অচল ছিল। ব্যবসায়ীরা সোমবার দুপুর পর্যন্ত দোকান খুলতে পারেননি। ফলে তারা পঞ্চম দিনের মতো ক্ষতির শিকার হতে হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

১৩ নভেম্বর পর্যন্ত বাজার বন্ধ রাখার সময় পেরিয়ে গেলেও সোমবার সকালে বাজারের কোনো দোকান খুলতে দেওয়া হয়নি। সকালে কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতে গেলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা তাদেরকে দোকান খুলতে দেয়নি। কারওয়ান বাজারের তিনটি গুরুত্বপূর্ণ মাছের বাজার থেকে প্রচুর পরিমান মাছের চালান বের করে দেওয়া হয় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। পরে দুপুরের দিকে কিছু দোকানপাট খুললেও কোনো কেনাবেচা হয়নি।

কারওয়ান বাজারের অন্যান্য আড়ত ও খোলা বাজারগুলোও কার্যত: পঞ্চম দিনের মতো বন্ধ ছিল। সকালে এ বাজারের কোনো দোকান খুলতে দেওয়া হয়নি। বেলা ১২টার দিকে কিছু কিছু দোকান খুললেও আড়তগুলো বন্ধ থাকে। বেশিরভাগ দোকানেই কাঁচা তরি-তরকারি তেমন ছিল না।

ঢাকার বাইরে থেকে মালামাল ভর্তি ট্রাক ঢাকায় আসতে না দেওয়া এবং সকাল পর্যন্ত কোনো মালামাল নামাতে না পারার জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

ব্যবসায়ী নেতা ইসমাঈল আলী জানান, সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করেই আকষ্মিকভাবে চারদিনের জন্য বাজারটি বন্ধ করে দেয়। এতে কারওয়ান বাজারের ৬১টি ব্যবসায়ী সমিতির অধীনে প্রায় ১০ হাজার মালিক ও পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। প্রতিটি মালিক দৈনিক অন্তত: এক থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির শিকার হন। এতে তারা দৈনিক ১০০ থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত ক্ষতির শিকার হন।

চারদিনের বন্ধে প্রতিদিনই ১৫০ কোটি টাকা হিসেবে ব্যবসায়ীরা প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতির শিকার হন। এজন্য সরকার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কোনো ক্ষতিপূরণও দেবে না। এর মধ্যে বাড়তি আরো একদিনের ক্ষতিকে তিনি গোঁদের ওপর বিষফোড়া হিসেবে উল্লেখ করেন।

সরকারের এ ধরণের সিদ্ধান্ত ব্যবসায়ীদের বিক্ষুব্ধ করে তুলেছে বলে তিনি জানান।