সার্ক সম্মেলনে সাফটা সম্পর্কিত রিপোর্ট পেশ করা হবে
আসন্ন ত্রয়োদশ সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)’র বিশেষজ্ঞ কমিটি ইতোমধ্যে অনুষ্ঠিত ১১ টি বৈঠকের আলোচনার অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট পেশ করবে।
উপসচিব এবং বাংলাদেশ সরকার পক্ষের আলোচক ফজলুর রহমান বলেন, আলোচনার অগ্রগতি সম্পর্কে সার্ক নেতৃবৃন্দদের অবহিত করতে কমিটি একটি রিপোর্ট পেশ করতে যাচ্ছে।
তিনি বলেন, চলমান ইস্যু নিয়ে কমিটি এখন পর্যন্ত কোনও চুক্তিতে পৌঁছতে পারে নি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আলোচনা চূড়ান্ত করতে কমিটি আগামী ২৯ নভেম্বর কাঠমান্ডুতে আলোচনায় বসবে।
ত্রয়োদশ সার্ক সম্মেলন আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
এ পর্যন্ত বিশেষজ্ঞ কমিটির ১১ টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আলোচকরা বিশেষ করে চারটি ইস্যুতে কোনও ঐক্যমতে পৌঁছতে পারছে না। ইস্যূগুলো হলো-রুলস অব অরিজিন, স্পর্শকাতর ইস্যুসমূহের তালিকা প্রণয়ন, রাজস্ব ক্ষতির কারণে স্বল্পোন্নত দেশসমূহকে ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতি এবং সার্কভূক্ত স্বল্পেন্নত দেশসমূহর জন্যে কারিগরি সহায়তা।
ফজলুর রহমান বলেন, গুরুত্বপর্ণ কয়েকটি ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে সমস্ত মতানৈক্য রয়েছে কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য বৈঠকে তার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
আগামী বছরের জানুয়ারি থেকে সাফটা কার্যকর হচ্ছে। আর তাই আলোচনা চূড়ান্ত করতে বিশেষজ্ঞরা চাপের মধ্যে রয়েছেন।
শুল্ক কমিশনের এক কর্মকর্তা এবং আলোচক জানান, কারিগরি সহায়তা ইস্যুর ব্যাপারে সদস্য দেশগুলো একটি মতৈক্যে পৌঁছলেও রুলস অব অরিজিন ও সেনসেটিভ লিস্ট নিয়ে তারা কোনও চুক্তিতে পৌঁছতে পারে নি।
তিনি বলেন, কাঠমান্ডুতে আগস্টের ৩১ তারিখে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির শেষ বৈঠকে রুলস অব অরিজিন নিয়ে ভারত একটি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু সদস্য দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ও মালদ্বীপ প্রস্তাবটি সমর্থন করে নি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সদস্য দেশগুলোর মধ্যে স্বল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ কৌশল ইস্যু নিয়ে মতানৈক্য আগের চেয়ে কিছুটা কমে এসেছে।
শুল্ক কমিশন সূত্র জানায়, দেশীয় শিল্পকে রক্ষা করতে কমিটির নবম বৈঠকে বাংলাদেশ ১৩শ’ পণ্যের একটি স্পর্শকাতর তালিকা উত্থাপন করেছিল। এছাড়াও বাংলাদেশ রপ্তানিযোগ্য ৫শ’ পণ্যের তালিকাও জমা দিয়েছিল।
সার্ক সদস্য দেশগুলো ২০০৩ সালের ৬ জানুয়ারি সাফটা চুক্তি সাক্ষর করে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর হবে এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হবে।
