২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক উপলক্ষে কারওয়ান বাজার বন্ধ থাকবে চারদিন, বিকল্প উদ্যোগ নেই, দৈনিক ক্ষতি হবে ১৫০ কোটি টাকা

সার্ক সম্মেলনকে কেন্দ্র করে কারওয়ান বাজারসহ আশপাশের বাজারগুলো ১০ থেকে ১৩ নভেম্বর বন্ধ রাখার ফলে ব্যবসায়ীরা শুধু এ বাজারেই প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকার ক্ষতির শিকার হবেন। বাজারের ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারিদের সাথে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঢাকার বৃহত্তম এই পাইকারি বাজার ও কাঁচামালের আড়ৎটি সম্মেলনকালীন নিরাপত্তার স্বার্থে সরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যবসায়ীরা জানান, এতে কর্মহীন হয়ে পড়বে বাজার ও আড়ৎসংশ্লিষ্ট অন্তত ১০ হাজার শ্রমিক ও কুলি। সব মিলিয়ে ঈদের আগে কর্তৃপক্ষের আকষ্মিক এ সিদ্ধান্তে তারা বিব্রতকর অবস্থায় পড়েছেন।

বাজার বন্ধের প্রভাবে ব্যবসায়ীদের ক্ষতি ছাড়াও স্থানীয় কয়েক লাখ লোককে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্যে দুর্ভোগের শিকার হতে হবে বলে ডিসিসি’র কর্মকর্তারাও মনে করছেন। তবে এ দুর্ভোগ লাঘবে বিকল্প কোনও ব্যবস্থা নেয়নি ডিসিসি কর্তৃপক্ষ।

ডিসিসির রাজস্ব বিভাগের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার শাখা) আখতারুজ্জামান খান বিডিনিউজকে জানান, মার্কেটগুলো বন্ধের জন্যে মার্কেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতিগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে। সার্ক সম্মেলনের নিরাপত্তার কথা ভেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ডিসিসি শুধু বাস্তবায়ন করেছে। এতে ডিসিসির কোনও হাত নেই।

মার্কেটগুলো বন্ধের ফলে প্রায় ১০ হাজার ব্যবসায়ী এবং বাজার ও আড়ৎসংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়তে পারে বলে স্বীকার করে তিনি বলেন, ব্যবসায়ীরা এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একই সাথে বাজারের ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষও দুর্ভোগের শিকার হবেন। তবে সিটি করপোরেশন এজন্যে বিকল্প কোনও ব্যবস্থার কথা ভাবেনি।

ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, কারওয়ান বাজার এলাকায় বর্তমানে মোট ৬১টি সমিতি রয়েছে। এর মধ্যে আড়ৎদারদের ৫৫টি ও ডিসিসির মার্কেট ব্যবসায়ীদের ছয়টি সমিতি।

ডিসিসির মার্কেটগুলো হচ্ছে-ডিআইটি ১ ও ২ নম্বর মার্কেট, আম্বরশাহ মার্কেট, কাব্যকস মার্কেট, কিচেন মার্কেট (১ ও ২ নম্বর ভবন)। এছাড়া চারটি বড় মাছের আড়ৎ রয়েছে একই এলাকায়। এগুলো হচ্ছে-মুক্তিযোদ্ধা মার্কেট, জসিম মার্কেট, সোনার বাংলা মার্কেট এবং একতা মার্কেট। এছাড়াও রয়েছে আরো কয়েকটি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ভবন।

কারওয়ান বাজারের ৫৫টি আড়ৎ ব্যবসায়ী সমিতির অধীনে আড়ৎ মালিক রয়েছেন প্রায় ১০ হাজার। প্রতিটি মালিকের দৈনিক লেনদেন রয়েছে পাঁচ লাখ থেকে ৫০ লাখ পর্যন্ত। এতে গড়ে দৈনিক লেনদেন হয় প্রায় প্রায় ৫০০ থেকে ৬০০ হাজার কোটি টাকা, যা থেকে ব্যবসায়ীদের লাভ থাকে প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা। চারদিনের বন্ধে প্রতিদিনই ব্যবসায়ীদের ওই পরিমাণ টাকা ক্ষতির শিকার হতে হবে।

এছাড়া ব্যবসায়ীরা জানান, ডিসিসির ছয়টি মার্কেটের সর্বমোট প্রায় দুই হাজার দোকান রয়েছে। প্রতিটি দোকানে প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা ক্ষতি হবে। এতে গড়ে প্রতিদিন ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকা।

এছাড়া অন্যান্য বাণিজ্যিক ভবনগুলোতেও প্রায় তিন হাজারের মতো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে তাদেরও ক্ষতির পরিমাণও হবে দৈনিক অন্তত পাঁচ কোটি টাকা।

এছাড়াও কারওয়ান বাজারে বর্তমানে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করছে। এরা বাজারে বিভিন্ন মালিকের কাজ করে থাকে। প্রতিদিন তাদের গড় আয় হয় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ওই চারদিন ওইসব শ্রমিক ও কুলির কোনও কাজ থাকবে না। ফলে তাদের দৈনিক প্রায় ৫০ লাখ টাকা করে মোট দুই কোটি টাকা ক্ষতির শিকার হতে হবে। ওইসব শ্রমিক ও কুলির বেশিরভাগই মঙ্গা কবলিত উত্তরবঙ্গের হওয়ায় ওই এলাকাতেও এর প্রভাব পড়বে বলে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

কারওয়ান বাজার (২ নং ভবন) ডিআইটি মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী ওহাব বিডিনিউজকে জানান, সরকারের আকষ্মিক এ সিদ্ধান্তে ব্যবসায়ী, শ্রমিক, কুলি ও সংশ্লিষ্টদের চরম ক্ষতির শিকার হতে হবে। কিন্তু আকষ্মিকভাবে ঈদের আগে ব্যবসার সময় এ সিদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে কোনও আন্দোলনের উদ্যোগ নিতে পারছেন না।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত অযৌক্তিক। সরকারের নিরাপত্তার প্রয়োজন থাকলে হোটেলের চারদিকে ও সামনের সড়কের ওপর সেনাবাহিনীসহ নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। তা না করে পুরো এলাকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। একই সাথে এ ধরনের সিদ্ধান্তের পাশাপাশি ব্যবসায়ীদের বিকল্প স্থানে ব্যবসা করার সুযোগও দেওয়া যেতো, যা করা হয়নি।

এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আগামী ১২ থেকে ১৩ নভেম্বর ঢাকায় দক্ষিণ এশীয় সরকার প্রধানদের নিয়ে সার্ক সম্মেলনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নজীরবিহীন নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি দেশব্যাপী সিরিজ বোমা হামলাসহ বিভিন্ন ঘটনায় সরকারকে এ ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়।

সূত্র জানায়, এ সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারওয়ান বাজার এলাকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্মেলন চলাকালে কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওয়ে বেশ কিছু বিদেশী অতিথি ও সাংবাদিক থাকবেন। ফলে এই এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।

এ লক্ষ্যে ওই চারদিন কারওয়ান বাজার বন্ধ করে দেওয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসিসিকে গত ১৯ অক্টোবর একটি চিঠি দেয়। এর বিপরীতে ডিসিসির সংশ্লিষ্ট কর কর্মকর্তা ২৫ অক্টোবর সাময়িকভাবে দোকান বন্ধ রাখার পরামর্শ দিয়ে ৬১টি ব্যবসায়ী সংগঠন ও প্রত্যেক ব্যবসায়ীকে পৃথকভাবে চিঠি দেন।