২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে লন্ডনের খুচরা দোকানগুলোতে কেনাকাটার ধুম লেগেছে

লন্ডনে এশীয়দের মালিকানাধীন বিশেষ করে পূর্ব লন্ডনের দোকানগুলোতে মুসলিম সম্প্রদায়ের সবচে বড় উৎসব ঈদকে সামনে রেখে এবার ব্যবসার পরিমাণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

মোবাশ্বার হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এসব দোকানের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ব্যবসায়ীরা চালায়। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উৎসবকে ঘিরেই এসব দোকানে বেশির ভাগ বেচাকেনা হয়। লন্ডনের এশীয় মালিকানাধীন দোকানগুলোতে বছরে বেচাকেনার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার কোটি পাউন্ড।

পূর্ব লন্ডনের ব্যবসায়ীরা জানান, এবারের ঈদকে সামনে রেখে তাদের ব্যবসা সাধারণ সময়ের চেয়ে ৫০ শতাংশ বেড়ে গেছে।

এবার ঈদের সঙ্গে যোগ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দিওয়ালি উৎসব। সোমবারে দিওয়ালি অনুষ্ঠিত হচ্ছে। খ্রিস্টানদের বড়দিনের আগেই দিওয়ালি ও ঈদ উপলক্ষে পোশাক, গহনা, আতশবাজি, জুতো এবং স্টেশনারি নানা জিনিসের বিক্রি বেশ বেড়ে গেছে।

পূর্ব লন্ডনের দোকানগুলো বরাবরই লন্ডনের অন্যান্য অংশের চেয়ে পিছিয়ে থাকে। কিন্তু এবার এসব দোকান, বিশেষ করে হোয়াইট চ্যাপেলের দোকানগুলোতে ব্যাপক বিক্রি হচ্ছে। আর এগুলোর ৮০ ভাগেরই মালিক বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশের ব্যবসায়ীরা।

আপটন পার্কের অধিকাংশ দোকানের মালিক পাকিস্তানি ও ভারতীয়। এছাড়া বাংলাদেশসহ অন্যান্য এশীয় কয়েকটি দেশের ব্যবসায়ীও এখানে ব্যবসা করে থাকে। দিওয়ালি ও ঈদ উপলক্ষে আপটনের দোকানগুলোও ভালো ব্যবসা করছে।

এখানকার গ্রিন স্ট্রিটের কাপড়ের দোকান স্টোন সিটির বিক্রেতা তানিম চৌধুরী বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যুক্তরাজ্যে রপ্তানিকৃত কয়েক লাখ পাউন্ডের শাড়ি, পাঞ্জাবি এবং মেহেদী বিক্রি হয়েছে। পাকিস্তানি একজন ব্যবসায়ী আবু জাফর বিডিনিউজকে জানান, ঈদ উপলক্ষে এ বছর তিনি ২ হাজার ৫ শ’ পাউন্ডের মেহেদী আমদানি করেছেন।

গ্রিন স্ট্রিটের দিল্লিভিত্তিক ব্যবসায়ী ও আনন্দ স্টোরের টিপু সুলতান বলেন, গত দু’দিনে তিনি ৫০০ পাউন্ডের আতশবাজি বিক্রি করেছেন।

লন্ডনের কেন্দ্রীয় এলাকা এবং পশ্চিম অংশের মত বনেদী এলাকাগুলোতেও ঈদ উপলক্ষে বিক্রি ব্যাপক বেড়েছে।

লন্ডনের পিকাডেলি সার্কাসের চেইন ফ্যাশন শপ নেক্সট’র বিক্রয়কর্মী বেটি টিফানী বলেন, বছরের এ সময়টা আমাদের জন্যে পার্টির সময়। চারিদিকে উৎসব চলছে। দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে। সব মিলিয়ে চমৎকার বড়দিন কাটাব।

২০০৪ সালে লন্ডনের বার্ষিক বাণিজ্যিক জরিপে দেখা গেছে, ২০০৩-০৪ সালে এশীয় মালিকানাধীন ব্যবসায় মোট লেনদেন হয়েছে ছয় হাজার কোটি পাউন্ড।