‘ডিআরইউ-মার্কেন্টাইল ব্যাংক মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেছেন আব্দুল জলিল
ডিআরইউ-মার্কেন্টাইল ব্যাংক মিডিয়া সেন্টারের রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অনুষ্ঠানে আব্দুল জলিল বলেন, মার্কেন্টাইল ব্যাংক ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের উন্নয়ন এবং বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা সব সময়ই সাংবাদিকদের পাশে থাকবো।
আব্দুল জলিল ‘ডিআরইউ-মার্কেন্টাইল ব্যাংক মিডিয়া সেন্টার’ এর জন্য পাঁচ লাখ টাকার চেক ডিআরইউ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে মিডিয়া সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক আহমেদ এবং ডিআরইউ সভাপতি শফিকুল করিম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
