সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ: সমস্যায় পড়তে পারে কাফকো, সিইউএফএল
কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাসের সংকট আরও তীব্র হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকেল ৪টা ১০ মিনিটে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে তারা।
আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়তে পারে কর্ণফূলী সার কোম্পানি, চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেড, শিকলবাহা ও রাউজান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর ফলে বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুৎ সংকট তীব্রতর হবে।
বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩০০ মিলিয়ন ঘন ফুট। এর মধ্যে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরবরাহ করা হতো প্রায় ১৭০ থেকে ১৮০ মিলিয়ন ঘন ফুট।
পেট্রোবাংলার একটি সূত্র জানায়, তদন্ত করে দেখার পর জানা যাবে, কেন গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সাঙ্গু গ্যাস ফিল্ডসহ দেশে প্রতিদিন গ্যাস উৎপাদিত হয় প্রায় ১,৫০৫ মিলিয়ন ঘন ফুট।
