২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ অক্টোবর বিজিএমইএ’র ইফতারে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র উদ্যোগে আগামী ৩০ অক্টোবরের ইফতার পার্টিতে বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা যোগ দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সংশ্লিষ্ট সূত্র তথ্য জানায়, বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ইতোমধ্যে বিজিএমইএ আয়োজিত ইফতারে ও নৈশভোজে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, “আমরা খুশী, দুই নেতা সানন্দে ইফতারে আসতে রাজী হয়েছেন এবং একই সঙ্গে দুই দলের কেন্দ্রীয় অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন।”

তিনি বলেন, এটা রাজনৈতিক কোন উদ্যোগ নয়। তবে এ ধরনের আয়োজন অবশ্য দুই দলের মধ্যে সৌহার্দ্য বাড়াবে।

সুত্র জানায়, সরকারি ও বিরোধী দুই দলের অংশগ্রহণে ২৭ অক্টোবরে বিজিএমইএ ইফতারে আয়োজন করার কথা থাকলেও পরবর্তীতে দুই নেতার সুবিধার্থে ৩০ অক্টোবর তারিখ পুননির্ধারণ করা হয়।

অতীতের উদ্যোগের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, যদি প্রয়োজন হয় তবে ভবিষ্যতেও বিজিএমইএ এধরনের উদ্যোগ নেবে।

দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমের সম্পাদকরা, বিকেএমইএ ও বিটিএমএ সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও গার্মেন্টস শিল্পের সাথে জড়িত ২২ জন এমপিও ইফতারে অংশ নেবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সাবেক মন্ত্রীরা ইফতার ও নৈশ ভোজে যোগ দিবেন।