ডব্লিউটিও’র আগ্রাসনের প্রতিবাদে ‘গণকাফেলা’ কর্মসূচি পালন করবে গণকনভেনশন
আগামী ডিসেম্বরে হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ বৈঠককে সামনে রেখে সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত ‘গণকাফেলা’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ‘গণকনভেনশন, খুলনা ঘোষণা’।
মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সংস্থার আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠন ‘গণকনভেনশন, খুলনা ঘোষণা’র উদ্যোগে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সম্মেলনে বলা হয়, ডব্লিউটিও’র আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত ‘গণকাফেলা’ কর্মসূচি সংগঠিত করা হবে। এছাড়াও তারা দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতা সৃষ্টি, মানববন্ধন, স্মারকলিপি পেশ, আলোচনা সভা, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় প্রতিটি উপজেলায় সাংবাদিক সম্মেলন ইত্যাদি।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণকনভেনশন খুলনার পক্ষে অধ্যক্ষ ওয়াহিদুর রহমান।
সম্মেলনে আরও জানানো হয়, ধনী দেশগুলো তাদের অবস্থান সুসংহত করার হাতিয়ার হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) ব্যবহার করছে। এ কারণে তারা স্বল্পোন্নত দেশগুলোর ওপর খবরদারি বাড়িয়ে তুলছে।
ধনী দেশের কোম্পানী তাদের পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে ডব্লিউটিও এবং আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর ওপর চাপ দিচ্ছে।
