২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চমবারের মত বাংলাদেশ দুর্নীতির শীর্ষে

বাংলাদেশ পঞ্চমবারের মত বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকাভূক্ত হয়েছে। তবে এবার বাংলাদেশের সাথে যুগ্মভাবে শীর্ষস্থানে অবস্থান রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার প্রকাশিত বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক ‘করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই)-এ’ বাংলাদেশকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে বাংলাদেশ টানা পঞ্চম বারের মত শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হলো।

সিপিআই রিপোর্টে দেখা যায়, বাংলাদেশে দুর্নীতি ২০০৪ সালের তুলনায় এবার অরো বেড়েছ। ২০০৪ সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর ছিলো এক দশমিক চার যা ২০০৫ সালে এসে দাড়িয়েছে এক দশমিক সাতে। ২০০১ সালের তালিকায় বাংলাদেশের স্কোর ছিলো শুন্য দশমিক চার। সেবারই বাংলাদেশ প্রথমবারের মতো শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সিপিআই তালিকার শীর্ষে অবস্থান নেয়।

মঙ্গলবার প্রকাশিত টিআই রিপোর্টে বলা হয়, সিপিআই সূচকে বাংলাদেশের অবস্থান আরো নিচে নেমেছে এবং দুর্নীতি বেড়ছে। রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা।

টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান প্রফেসর মোজাফফর আহমেদ বাংলাদেশ সংক্রান্ত রিপোর্টটি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে প্রকাশ করেন।

প্রফেসর মোজাফফর আহমেদ বলেন, বাংলাদেশ দুর্নীতির শীর্ষে থাকা মানে এই নয় যে দেশটির সবাই দুর্নীতিগ্রস্ত। তিনি বলেন, দেশের আমলা, ব্যাবসায়ী, এবং সরকারের কিছু লোক দুর্নীতির সাথে জড়িত।

টিআইবি’র ২০০৫ সালের রিপোর্টে মোট ১৫৯ টি দেশের দুর্নীতির কথা উল্লেখ করা হয়। গতবছর এ সংখ্যা ছিলো ১৪৬।

দুর্নীতির সূচকে আইসল্যান্ড নয় দশমিক সাত পয়েন্ট নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ টিআই ইনডেক্সে অবস্থান করছে। ৯ দশমিক ৬ সূচক নিয়ে এরপরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং অস্ট্রিয়া।

টিআই রিপোর্টে বলা হয় ১৫৯ টি দেশের দুই তৃতীয়াংশেই দুর্নীতর মাত্রা অত্যাধিক। টিআই সূচকে এই দেশগুলো অবস্থান পাঁচ এর উপরে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৯২ তম, পাকিস্তানের ১৪৬তম, নেপাল ১২৩তম এবং শ্রীলংকা ৭৮তম। ২০০৪ সালে নেপালের অবস্থান ছিলো ৯০ এবং শ্রীলংকার ৬৭। রিপোর্টে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ, চাদ, তুর্কেমেনিস্তান, মায়ানমার ও হাইতির নাম উল্লেখ করা হয়।

রিপোর্টে বলা হয়, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌছানোর জন্য দুর্নীতি একটি বড় বাধা। কারণ দুর্নীতি জাতীয় প্রবৃদ্ধি কমিয়ে দেয় এবং দারিদ্র দূরীকরণে এটি প্রধান অন্তরায়।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোজাফফর বলেন, বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি চমৎকার জায়গা হওয়া সত্ত্বেও শুধুমাত্র দুর্নীতি এবং বিশেষ করে রাজনৈতিক এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের দুর্নীতির কারণে দেশে বিদেশী বিনেয়োগ হচ্ছে না।

অধ্যাপক মোজাফফর বলেন, আমাদের জিডিপিতে দাতা সংস্থাগুলোর অবদান মাত্র তিন শতাংশ। আমরা যদি আমাদের দুর্নীতি বন্ধ করতে পারি তাহলে তাদের সাহায্য ছাড়াই আমরা চলতে পারবো।

তিনি জানান, বর্তমান সরকারের দুর্নীতি নিয়ে একটি আলাদা রিপোর্ট প্রকাশ করা হবে। তিনি বলেন, সরকার যদি নতুন প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতো তাহলে দুর্নীতি অনেক কমে আসতো।

অভিবাসী এবং অনঅভিবাসী ব্যবসায়ী এবং বিশ্লেষককদের ধারণা অনুযায়ী টিআইবির করাপাশান পারসেপশন ইনডেক্স (সিপিআই) তৈরি করা হয়। দশটি স্বাধীন প্রতিষ্ঠানের ১৬ টি জরিপের ভিত্তিতে এ ইনডেক্স প্রস্তুত করা হয়।

সিপিআই তালিকায় কোন একটি দেশ তখনই অর্ন্তভুক্ত হয় যখন দেশটি অন্তত তিনটি পোলের আওতায় পড়ে। এ বছর বাংলাদেশ সাতটি পোলে পড়েছে যেখানে গতবছর তা ছিলো চারটি।