বন্দরে লাইটারিং কোস্টারের ধর্মঘট শুরু, জাহাজ জটের আশংকা
লাইটারিং কোস্টারের (পণ্য খালাসের নৌকা) ধর্মঘটের প্রথম দিনে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নদী পথে পণ্য পরিবহণ বন্ধ হয়ে গেছে।
সে সাথে বন্ধ হয়ে গেছে বন্দরের ১২টি মাদার ভেসেল থেকে পণ্য খালাসের এর কাজ।
বন্দরে ২৪টি লাইটারিং কোস্টার থেকে গম খালাসের দাবীতে লাইটারিং জাহাজ মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে।
কাষ্টমস, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে মামলার কারণে গত আট মাস ধরে ২৪ টি জাহাজ থেকে গম খালাস করা যাচ্ছে না।
প্রায় ৫০০ লাইটারিং কোস্টারের ধর্মঘটের কারণে বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থিত ১০টি ও জেটিতে বার্থিং করা ২টি জাহাজ থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। এসব জাহাজে রয়েছে সার, চিনি ও ক্লিংকার রয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
বন্দর ব্যবহারকারীরা আশংকা প্রকাশ করেছেন ,ধর্মঘট দুইদিনও অব্যাহত থাকলে বন্দরে জাহাজ জট দেখা দিবে এবং বন্দরে অবস্থানকারী কার্গো জাহাজগুলো প্রচুর ক্ষতির সম্মুখীন হবে।
বন্দরের পরিচালক(ট্রাফিক) আহসানুল কবির বিডিনিউজকে জানিয়েছেন, ধর্মঘট অব্যাহত থাকলে জাহাজের গড় অবস্থান সময় বৃদ্ধি পাবে।
প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় এক লাখ টন পণ্য লাইটারিং কোস্টার যোগে দেশের বিভিন্ন এলাকায় পরিবহণ করা হয়।
