২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটতির কারণে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করবে সরকার

দৈনিক ১০ কোটি ঘনফুট গ্যাস ঘাটতির মুখে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৭ সালের শেষ দিক পর্যন্ত এভাবে রেশনিংয়ের মাধ্যমে সংকটময় পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কীভাবে গ্যাস রেশনিং হবে, তা নির্ধারণের বিষয়ে বৃহস্পতিবার জ্বালানি, বিদ্যুৎ ও শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ বৈঠকে বসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বুধবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হবে।

সূত্র জানায়, বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন দেশে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ১০৫ কোটি ঘনফুট। মঙ্গলবার তা’ ছিল ১৫১ কোটি ২০ লাখ ঘনফুট, যা এ যাবতকালের রেকর্ড। কিন্তু তারপরও চলছে চরম সংকট। ১০ কোটি ঘনফুট গ্যাস দৈনিক ঘাটতি হওয়ার ফলে শিল্প ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে।

উপদেষ্টা বলেন, দেশে সরকারি যে চারটি সার কারখানা আছে, তার মধ্যে সব সময় একটি বন্ধ রাখতে হবে। শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে গ্যাসের লোড শেডিং করা হবে।

টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র যথাযথ স্থানে করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। বলেন, স্থান নির্বাচনে ভুলের কারণে আজ টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রে যথাযথ গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। একই সাথে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিষয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা যথাযথ নয় বলে তিনি দাবি করেন। বলেন, নতুন যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, তা অবশ্যই জ্বালানি মন্ত্রনালয়ের সাথে আলোচনা করে নিয়ে তার স্থান নির্ধারণ করতে হবে। না হলে পরে গ্যাস সরবরাহ করা যাবে না। ২০১১ সালের পরে আর কোনও গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে না বলে তিনি জানান।